উত্তরবঙ্গ উৎসবে চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের প্রথম সফরে বেরোচ্ছে গানের দল চিরকুট। দলটি ভারতের ‘উত্তরবঙ্গ উৎসব’-এর সমাপনী অনুষ্ঠানে গাইবে।
২০ জানুয়ারি থেকে শুরু হবে ‘উত্তরবঙ্গ উৎসব’। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। উত্তরবঙ্গের সাতটি জেলার ৩২টি ভেন্যুতে এ উৎসব চলবে।
চিরকুট ব্যান্ডের সদস্য সুমি জানান, চার বছর ধরে ভারতের উত্তরবঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে এ উৎসবটি। এ বছর চিরকুটের গান দিয়ে শেষ হবে উত্তরবঙ্গ উৎসব। চিরকুট গাইবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে।
সুমি বলেন, ‘সাত দিনের এ উৎসবে ভারতের প্রখ্যাত সব শিল্পী ও গানের দল অংশ নেয়। আর এর সমাপনী অনুষ্ঠান হয় বেশ জাঁকজমকের সঙ্গে। সমাপনী দিনে গান পরিবেশনের সুযোগ আমাদের জন্য অনেক আনন্দ ও সম্মানের।’
সুমি আরও জানান, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মন্ত্রী গৌতম দেব তাঁদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। তাঁরা এ আমন্ত্রণে সাড়া দিয়েই ২৫ জানুয়ারি উড়াল দিচ্ছেন শিলিগুড়ির উদ্দেশে। সুমি বলেন, ‘ উৎসবটি নিয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত।’
এর আগে বাংলাদেশের সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা উত্তরবঙ্গ উৎসবে সংগীত পরিবেশন করেছিলেন।