উদীচীর সত্যেন সেন গণসংগীত উৎসব শুরু মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার

‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্ব প্রাণ’ মর্মবাণীকে উপজীব্য করে আগামী ২৮ মার্চ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উদীচীর তিন দিনের ‘অষ্টম সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’। উৎসবে দেশ-বিদেশের খ্যাতিমান লেখক-শিল্পী-সংগ্রামী-সংস্কৃতিকর্মীরা যোগ দেবেন। প্রথমবারের মতো প্রকাশিত হবে, উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেনের গানের অ্যালবাম। 

আজ সকালে রাজধানী তোপখানায় উদীচী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাভেদ আনোয়ার ও সহসভাপতি হাবিবুল আলম। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা কাজী মোহাম্মদ শীশ, শিবানী ভট্টাচার্য, অমিত দে, প্রদীপ ঘোষ, ইকবাবুল হক খান ও উৎসব প্রচার উপ-পরিষদের আহ্বায়ক একরাম হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ মার্চ বিকেল চারটায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। বক্তৃতা করবেন সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম এবং গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাসের অনুসারী পূরবী মুখোপাধ্যায় ও অমিতাভ মুখোপাধ্যায়। সত্যেন সেনের গানের অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও গোলাম মোহাম্মদ ইদু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় জামসেদ আনোয়ার বলেন, এ দেশের প্রতিটি গণ-আন্দোলনে এবং সমাজ প্রগতির লড়াইয়ে গণসংগীত এক অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা রেখেছে। গণসংগীতের আবেদন দেশব্যাপী সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে এবং নতুন ও প্রতিভাধর শিল্পীদের গণসংগীতের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে অষ্টমবারের মতো উদীচী এই প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করেছে।
ইতিমধ্যে দেশের প্রায় সকল জেলায় ও বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কয়েক হাজার প্রতিযোগী একক এবং দলীয়ভাবে এতে অংশ নিয়েছে। ২৮ মার্চ সকাল থেকে শিল্পকলা একাডেমিতে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।