উধাও হয়ে যাচ্ছে সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুট ব্যান্ডের সদস্যরা
চিরকুট ব্যান্ডের সদস্যরা

প্রস্তুত গানের দল চিরকুটের তৃতীয় অ্যালবাম। চলতি মাসেই গান শোনার মোবাইল অ্যাপ ইয়োন্ডার মিউজিকে প্রকাশিত হবে ছয়টি গানের অ্যালবাম উধাও। ঈদুল ফিতরের পর মিলবে সিডি। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে নতুন এ অ্যালবাম সম্পর্কে বলেন দলটির অন্যতম সদস্য সুমি।

এক বছর ধরে অ্যালবামের জন্য নতুন গান করেছে চিরকুট। এ জন্য দলের সদস্যদের কঠোর শ্রম দিতে হয়েছে। অ্যালবামের গানগুলো হলো ‘টিভি’, ‘নিয়ম বুঝি না’, ‘উধাও’, ‘তারুণ্য’, ‘কেউ জোনাক জ্বালো’, ‘কাঁটাতার’। লিখেছেন সুমি নিজেই। ‘টিভি’ গানটি লিখেছেন যৌথভাবে সাইফুল আকবর খানের সঙ্গে। এর মধ্যে কয়েকটি কনসার্টে ‘তারুণ্য’ গানটি শুনিয়েছে দলটি।

নতুন অ্যালবামের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে সুমি বলেন, প্রেম-ভালোবাসা, মনুষ্যত্ব, পাখি, সবুজ বন; যা কিছু সুন্দর এর সবই উধাও হয়ে যাচ্ছে দিন দিন। মানুষের ভেতরে অস্থিরতা এবং মানুষের মাঝে দূরত্ব বাড়ছে। এই বেদনাবোধ নিয়েই ‘উধাও’ গানটি। অন্যান্য গান তারুণ্যের এগিয়ে যাওয়া ও অনুপ্রেরণা নিয়ে। তিনি জানান, যান্ত্রিক, কারিগরি, সুর ও শব্দ ধারণের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। সার্বিক বিবেচনায় অ্যালবামের সারল্য বজায় রেখেছেন তাঁরা।

বিগত দিনগুলোতে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, নরওয়ে, ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উৎসবে গান করেছে চিরকুট। নিয়মিত গান করছে বাংলা সিনেমায়। আসছে ডুব, ভয়ংকর সুন্দর ছবিতেও থাকবে তাদের গান। এর আগে ২০১৩ সালে প্রকাশিত হয় চিরকুটের অ্যালবাম জাদুর শহর। দলটির বর্তমান সদস্যরা হলেন ড্রামসে পাভেল আরীন, গিটার-বাঞ্জো-মান্ডোলিনে ইমন চৌধুরী, কিবোর্ডে জাহিদ নিরব, বেজ দিদার হাসান এবং লিরিক, টিউন ও কণ্ঠে শারমীন সুলতানা সুমি।