উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন আলাউদ্দিন আলী

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ দেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে। গত ২০ জুন সিএমএইচে কফ পরীক্ষার পর আলাউদ্দিন আলীর ফুসফুসে সমস্যাজনিত রোগ ধরা পড়ে। এখনই এর উন্নত চিকিৎসা দেওয়া হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব জেনে তাঁর পরিবার দ্রুত তাঁকে দেশের বাইরে নেওয়ার উদ্যোগ নেন।
আলাউদ্দিন আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, ভিসা আবেদনের পর আজ ভিসা পাওয়া গেছে। আগামী শুক্রবার তাঁকে ব্যাংকক নেওয়া হবে। সেখানে স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে ভর্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। একই হাসপাতালে বেশ কয়েক বছর আগে দেশের আরেক বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলম খানও চিকিৎসাধীন ছিলেন।
শারীরিকভাবে এখন কেমন আছেন জানতে চাইলে আলাউদ্দিন আলী বলেন, প্রায় প্রতিদিনই শরীরে একটু জ্বর থাকে। এ ছাড়া আর সবই ঠিক আছে। তিনি আরও জানান, সর্দি-কাশি তাঁদের বংশগত সমস্যা। কিন্তু পরীক্ষায় যে রোগ ধরা পড়েছে, তা পরিবারের আর কারও হয়নি। আলাউদ্দিন আলী সবার কাছে দোয়া চেয়েছেন।