উপন্যাস লিখবেন অ্যাডেল

ব্রিটিশ গায়িকা অ্যাডেলের বুঝি শুধু গান লিখে আর মন ভরছে না। এবার তিনি উপন্যাস লেখার দিকেও মন দিতে চাইছেন। এমনকি গান থেকে কিছুদিনের বিরতি নিয়ে উপন্যাস লেখা শিখতে চান বলেও জানিয়েছেন অস্কারজয়ী এই শিল্পী।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি লাইভ কনসার্টে উপস্থিত দর্শকদের সামনে অ্যাডেল তাঁর এই ইচ্ছার কথা জানান। তিনি বলেন, ‘আমি একটি বই লিখতে চাই। অবশ্য এই বিষয়ে আমার খুব ভালো জ্ঞান নেই। গল্প, উপন্যাস কীভাবে লেখে আমি সেটা শিখতে চাই।’
অনেকে ধারণা করছেন, উপন্যাস লেখার কাজটা অ্যাডেলের জন্য একটু কঠিন হবে। কারণ একবার এক সাক্ষাৎকার এই গায়িকা বলেছিলেন, বিষণ্নতার সময়ে নাকি তিনি সবচেয়ে বেশি সৃজনশীল হয়ে উঠেন। আর এজন্যই সহসা বিরহ কাটিয়ে উঠতে চান না।
তবে, ক্ষণিকের বিষণ্নতায় দুই একটা গান না হয় লিখে ফেলা যায়। কিন্তু অ্যাডেলের কথা অনুযায়ী আস্ত একটি উপন্যাস লিখতে হলে তাঁকে কতদিন বিষণ্নতায় কাটাতে হবে সেই কথা ভাবুন তো একবার!
সূত্রঃ এএএনএস