উপস্থাপনায় ফাহমিদা নবী

সংগীতশিল্পী ফাহমিদা নবী এবার উপস্থাপক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন। বাংলাভিশনে ‘সুরের আয়না’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। শিগগিরই শুরু হবে অনুষ্ঠানটির প্রচার। ফাহমিদা নবী বললেন, ‘আগে বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে কমবেশি উপস্থাপনা করেছি। তবে নিয়মিত উপস্থাপনার কাজটি এবার সুরের আয়না দিয়ে শুরু করতে যাচ্ছি।’
এরই মধ্যে শুরু হয়েছে অনুষ্ঠানের দৃশ্য ধারণ। প্রথম দিনের দৃশ্য ধারণে ফাহমিদা নবীর অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী সুবীর নন্দী। ‘সুরের আয়না’ নিয়ে ফাহমিদা নবী বললেন, ‘অনুষ্ঠানটি একেবারে স্বাধীনভাবে সাজাচ্ছি। এতে অতিথিরা মন খুলে কথা বলবেন। গাইবেন একেবারে নিজেদের পছন্দের গানগুলো। ইচ্ছা না হলে গান গাইবেন না। শুধু কথা বলে যাবেন নিজেদের জীবন ও কর্ম নিয়ে।’
শুধু উপস্থাপনা নয়, ‘সুরের আয়না’য় নিজেও গাইবেন ফাহমিদা। পাশাপাশি অন্য সঞ্চালকদের মতো প্রশ্ন ছুড়ে দেবেন অতিথিদের দিকে।