উপস্থাপনায় শফিক তুহিন

‘জীবনে প্রথমবারের মতো উপস্থাপনা করলাম। কাজটা শেষ করার পর খুব ভালো লেগেছে।’—মুঠোফোনে বলছিলেন গায়ক শফিক তুহিন। উচ্ছ্বাসটাও বোঝা গেল তাঁর কণ্ঠে। তবে কি গীতিকার, সুরকার, গায়ক বিশেষণের সঙ্গে উপস্থাপক শব্দটি যোগ হলো শফিক তুহিনের নামের আগে? জানালেন, ‘এটা এখনই বলা যাচ্ছে না। সবে তো একটা মাত্র অনুষ্ঠান উপস্থাপনা করলাম।’
এনটিভির নিয়মিত অনুষ্ঠান ‘ক্লোজআপ ফ্রেস টিউন’-এর আজকের পর্বে উপস্থাপনা করেছেন শফিক তুহিন। অনুষ্ঠানের অতিথি ২০১২ সালের ক্লোজআপ চ্যাম্পিয়ন লায়লা ও প্রথম রানারআপ সোহাগ। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে অতিথি দুজন তিনটি করে ও শফিক তুহিন একটি গান পরিবেশন করেন। আলাপচারিতা ও গান সব মিলিয়ে সাজানো অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন। প্রচার হবে আজ রাত ১১.৩০ মিনিটে।
শফিক তুহিন জানান, বর্তমানে তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন। গুছিয়ে এনেছেন নিজের একক অ্যালাবাম নীল নীল আসমানীর কাজ। আসছে ডিসেম্বরে অ্যালবামটি বাজারে আসার কথা রয়েছে।