উষার আমন্ত্রণে রুনা


বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা শনিবার কলকাতায় এসেছিলেন কলকাতার নামী শিল্পী উষা উথুপের আমন্ত্রণে। রুনা যোগ দিয়েছেন উষা উথুপের গড়া সংগঠন ‘স্টেজ ক্রাফট ফাউন্ডেশন’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। কলকাতার কলামন্দিরে শনিবার রাতে আয়োজিত হয় এই পুরস্কার অনুষ্ঠান। রুনা লায়লা পুরস্কার তুলে দেন মেকআপশিল্পী তাপস মণ্ডল ও কস্টিউমশিল্পী জাকির হোসেন মল্লিকের হাতে। রুনার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বলিউডের আরেক নামী শিল্পী বাবুল সুপ্রিয়।
মঞ্চে উঠে রুনা লায়লা বলেন, ‘আমি আজ দারুণ গর্ববোধ করছি উষাদির মতো এক শিল্পীর আমন্ত্রণ পেয়ে। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে পুরস্কার দেওয়ার জন্য। এটা সত্যিই আমার কাছে এক বড় প্রাপ্তি।’ এর পরই তিনি মঞ্চে আমন্ত্রণ জানান উষা উথুপকে। উষা উথুপ মঞ্চে এসেই জড়িয়ে ধরেন রুনা লায়লাকে। বলেন, ‘আমার সঙ্গে রুনার ৪০ বছরের সম্পর্ক। এ সম্পর্ক সব সময় অটুট থাকবে।’
শনিবারের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলকাতার প্রথিতযশা শিল্পীদের যেন মেলা বসেছিল। নাচ-গানে জমজমাট ছিল পুরো কলামন্দির মিলনায়তন। ছিলেন অনুরাধা পাড়োয়াল, মহম্মদ আজিজ, ওস্তাদ রশিদ খান, জোজো, রাঘব বন্দ্যোপাধ্যায়, রূপংকর, প্রসেনজিৎ, সঞ্জনা কাপুর, প্রীতি প্যাটেল, জিৎ, রচনা ব্যানার্জির মতো তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর।