উৎসবে বাংলার সব গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লাল-সবুজের মহোৎসব’–এ গতকাল রবীন্দ্রসংগীত গেয়ে শোনান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা l ছবি: আশরাফুল আলম
‘লাল-সবুজের মহোৎসব’–এ গতকাল রবীন্দ্রসংগীত গেয়ে শোনান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা l ছবি: আশরাফুল আলম

গানে গানে উৎসবে উদ্‌যাপিত হচ্ছে বিজয়। সেই সঙ্গে ‘ডিজিটাল প্রজন্ম’–এর কাছে বাংলার ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে তুলে ধরা। বিজয়ের ৪৫ বছর উদ্‌যাপন উপলক্ষে ১ ডিসেম্বর শুরু হয়েছে ‘বিজয়ের ৪৫ বছর: লাল-সবুজের মহোৎসব’। আয়োজন করেছে ওয়ান মোর জিরো কমিউনিকেশনস। ১৬ দিনের এই উৎসব চলছে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে।
গতকাল শুক্রবার ছিল উৎসবের নবম দিন। সন্ধ্যায় সেখানে রবীন্দ্রসংগীত গেয়ে শোনান শিল্পী তপন মাহমুদ, সালমা আকবর, সাজেদ আকবর, অনিমা রায়, মহাদেব ঘোষ, অদিতি মহসিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু গান গাওয়ার পাশাপাশি এ আয়োজনের প্রশংসাও করেন স্বনামধন্য এই শিল্পীরা। তরুণদের কাছে ইতিহাস তুলে ধরতে বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পর্যন্ত ঘটনা নিয়ে ছিল একটি চমৎকার অডিও ভিজ্যুয়াল পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান মোর জিরো কমিউনিকেশনস ও গান বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন রাজা ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।
উৎসবে আজ শনি থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে থাকবে আবৃত্তি, আধুনিক ও দেশাত্মবোধক গান, প্রজন্মের গান, লোকসংগীত, আলোকচিত্র ও চিত্রকলা প্রদর্শনী। শেষ দিনে হবে মেগা কনসার্ট। ম্যাক্স গ্রুপ নিবেদিত এই আয়োজনে সহায়তা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গান বাংলা চ্যানেল।