ঋষিজের বর্ষবরণে চার গুণীকে সংবর্ধনা

‘ও সখিনা গেছস কিনা’, ‘মন আমার দেহঘড়ি’, ‘স্কুল খুইলাছেরে মাওলা’—বাংলা নতুন বছরের প্রথম দিনে এমন জনপ্রিয় সব গানে মুখরিত হয়েছিল রাজধানী শিশুপার্কের সামনের এলাকাটি। রোদ উপেক্ষা করে অসংখ্য নারী-পুরুষ এখানে শামিল হয়। মেতে উঠে গানে গানে।
পয়লা বৈশাখের অন্যতম অনুষঙ্গ ঋষিজের বৈশাখী আয়োজন। গতকাল শুক্রবার বৈশাখী সকালে ঋষিজ শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘জাগো নব আনন্দে’ শিরোনামে বর্ষবরণের অনুষ্ঠানটির উদ্বোধন করেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক৷ বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ। সভাপতিত্ব করেন ঋষিজের সভাপতি ফকির আলমগীর। এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে কবি সব্যসাচী সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন ও পশ্চিমবঙ্গের লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে।
ঋষিজের বর্ষবরণের ৩৫ বছর পূর্তি উপলক্ষে এবার চার গুণীকে সম্মাননা জানানো হয়। তারা হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রথীন্দ্রনাথ রায় ও উমা খান, সাংবাদিক-গীতিকার ফকরে আলম এবং কবি নাসির আহমেদ।
আয়োজনের শুরুতেই দলীয় পরিবেশনায় অংশ নেয় ঋষিজ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। তাঁরা পরিবেশন করেন ‘এসো হে বৈশাখ’, ‘তোরা সব জয়ধ্বনি কর’সহ বেশ কিছু গান। এরপর আসামের শিলচরের নৃত্যদল নৃত্যায়ন নৃত্য পরিবেশন করে৷ আলোচনা ও সংবর্ধনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিল্পী ফকির আলমগীর দুবার মঞ্চে উঠে জনপ্রিয় সব গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। তাঁর গাওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘রমনার বটমূলে সাজে নারী বেলি ফুলে’, ‘বাজে কি মধুর সুরে বাংলাদেশের বাঁশি’, ‘মানুষের মাঝে বসবাস’সহ বেশ কিছু জনপ্রিয় গান। ‘থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা’ গানটিতে তাঁর সঙ্গে কলকাতার শিল্পী অমিতাভ মুখোপাধ্যায়ও কণ্ঠ দেন।
এই আয়োজনে একক কণ্ঠে লোকসংগীত পরিবেশন করেন মীনা বড়ুয়া, আবু বকর সিদ্দিক, অনিমা মুক্তি গোমেজ, আবিদা রহমান সেতু, বিমান চন্দ্র বিশ্বাস, হালিমা খাতুন। একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন ভারতের কমলীকা চক্রবর্তী ও অমিতাভ মুখোপাধ্যায়, সুমী আক্তার, সুমী শবনম, হালিম খান ও সমর বড়ুয়া। বাউলদের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।