এ কী করল গানস অ্যান্ড রোজেস!

ভুল করতে কে চায়? তবে ভুল করে ভুল তো হয়েই যায়! এই যেমন বিশ্বখ্যাত গানের দল গানস অ্যান্ড রোজেস যেমনটা করল। ভুল করে মেলবোর্নের শ্রোতাদের অভিবাদন জানাল ‘হ্যালো সিডনি’ বলে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্ট করতে গিয়েছে রক ব্যান্ড গানস অ্যান্ড রোজেস। সেখানে দর্শকদের স্বাগত জানাতে গিয়ে ভুলে ‘হ্যালো সিডনি’ বলে ফেলেছেন দলের সদস্য ম্যাকবব। তবে এর পরপরই অবশ্য লজ্জা পেয়ে ব্যান্ড সদস্যরা ক্ষমাও চেয়েছেন ভক্তদের কাছে। টুইটারে তাঁরা লিখেছেন, ‘৩০ বছর পর দুর্ঘটনাবশত ম্যাকববের এমন ভুলের জন্য আমরা সত্যিই খুব দুঃখিত।’
গানস অ্যান্ড রোজেস দলটি মেলবোর্নে পৌঁছার আগে দুই রাত সিডনিতে থেকে এসেছে। তাই ম্যাকববের সাময়িক ভুলের জন্য ভক্তরা সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দিয়েছেন তাঁকে। এই রকম ভুল কিন্তু শুধু ম্যাকবব করেননি। এর আগে এভাবে কনসার্ট করতে গিয়ে অন্য শহরের নাম বলে দর্শকদের অভিবাদন জানিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স (ম্যানচেস্টারকে লন্ডন বলেছেন), ব্রুস স্প্রিংস্টিন (ক্লিভল্যান্ডকে পিটসবার্গ বলেছেন)। বিবিসি