এ গান ইন্দ্রনীলের নাকি বুলবুলের?

বাংলাদেশের শিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া জনপ্রিয় একটি গান ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন তাঁর ভালোবাসার ছুটি অ্যালবামে গেয়েছেন নিজের লেখা ও গীতিকার হিসেবে ‘কোরাক’-এর নাম ব্যবহার করে। অথচ গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। দিন কয়েক আগে ইমতিয়াজ বুলবুল আফসোস করে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ইন্দ্রনীলের গাওয়া ‘অন্তর জ্বলেরে জ্বলে’ গানটির ভিডিও সংযোজন করে পোস্টে লিখেছেন, ‘এ গান “ইন্দ্রনীল”-এর, নাকি “বুলবুল”-এর, কার? এ গানের আসল শিল্পী কে, বিশ্বজিৎ নয়? ইন্দ্রনীল, সুরকার হিসেবে “তোমার” নাম এবং গীতিকার হিসেবে “কোরাক”-এর নাম দিয়ে তুমি তোমার নিজের সম্মান নষ্ট করেছ, এর বেশি কিছু নয়।’
বিষয়টি নিয়ে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, ‘ইন্দ্রনীল এই গানটি গেয়েছেন, বিষয়টি আমাকে প্রথম জানান পূর্ণচন্দ্র দাস। আমি পরে ইন্দ্রনীলের ভালোবাসার ছুটি অ্যালবামটি পাই। কিন্তু অ্যালবামে সুরকার ও গীতিকার হিসেবে আমার জায়গায় অন্যের নাম দেখে বিস্মিত হই। এটা কী করে সম্ভব? ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই! ওপার বাংলার শ্রোতারা জানল গানটি কোরাকের লেখা, ইন্দ্রনীলের সুর করা। আমার সৃষ্টি অন্যের নামে চলে গেল।’
প্রসঙ্গত, ‘অন্তর জ্বলেরে জ্বলে’ গানটি ২০০১ সালে এজাজ খান স্বপনের তত্ত্বাবধানে এশিয়া ভয়েস থেকে বের হওয়া কুমার বিশ্বজিতের মা জননী অ্যালবামে ছিল।
কুমার বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একবার কলকাতায় ইন্দ্রনীলের সঙ্গে দেখা হয়। গানটির বিষয়ে জিজ্ঞেস করতেই ইন্দ্রনীল দুঃখ প্রকাশ করে বলেন, “পরের সংস্করণে গীতিকার, সুরকার ও মূল শিল্পীর নামটি ঠিক করে দিচ্ছি।” কিন্তু তিনি কথা রাখেননি। এবার যখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশে সাংস্কৃতিক সফরে এসেছিলেন, তখন তাঁকে আবার জিজ্ঞেস করলে একই কথা বলেন, ঠিক করে দেবেন। কিন্তু আর ঠিক হয় না।’
বিশ্বজিৎ অভিযোগ করেন, ‘ইন্দ্রনীল শুধু গানটি গেয়েই ক্ষান্ত হননি, গানের বাণীতেও কয়েক জায়গায় নিজেদের মনগড়া শব্দ ব্যবহার করেছেন।’
এ বিষয়ে ইন্দ্রনীলের সঙ্গে তাঁর ভারতের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকলটি রিসিভ করেননি। তাই তাঁর মতামত জানা সম্ভব হয়নি।