এ দেশের দুই গানে ভারতের ইমন

এর আগে জয় শাহরিয়ারের সঙ্গে গাওয়া ‘মন খারাপের আকাশ’ গানের ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছিলেন ইমন চক্রবর্তী। এবার বাংলাদেশের আরেক সংগীতশিল্পী স্বপ্নীল সজীবের সঙ্গে গাওয়া ‘মেঘে মন’ শিরোনামের গানের ভিডিওতে অংশ নিলেন কলকাতার এই সংগীতশিল্পী।
গত বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে গানটির ভিডিও ধারণ হয়েছে।
গানটির শুটিং বড় পরিসরে হয়েছে বলে বলেন ইমন। তিনি বলেন, ‘এর আগে জয় শাহরিয়ারের সঙ্গে গাওয়া গানটির ভিডিওতে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল আমাকে। তবে এবারের গানের ভিডিওতে আমাকে পুরোটা সময়েই দেখা যাবে। কাজটি বেশ বড় পরিসরে হয়েছে।’
ভারতের পশ্চিমবঙ্গের ছবি ‘প্রাক্তন’-এ গান গেয়ে সেরা সংগীতশিল্পী (নারী) বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন ইমন। একই গানের জন্য পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও। ‘মেঘে মন’ গানটি নিয়ে জাতীয় পুরস্কার বিজয়ী এই সংগীতশিল্পী বলেন, ‘শুটিংয়ের সময় দেখেছি, গানটির গল্পের সঙ্গে পরিচালকের দৃশ্যায়নের পরিকল্পনাগুলো অসম্ভব ভালো। শুটিং দারুণ হয়েছে! কাজটি নিয়ে প্রত্যাশা অনেক বেড়ে গেছে।’
গানটি লিখেছেন গাবিল সর্দার, সুর করেছেন এহসান রাহি এবং সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিওটির নির্মাতা প্রেক্ষাগৃহের পলক শাহরিয়ার বলেন, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝিতে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি। এদিকে বিশ্বজুড়ে শরণার্থী নির্যাতনের ওপর লেখা ‘ভরসা হোক এই গান’ শিরোনামের আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী। সম্প্রতি কলকাতার ভেঙ্কটেশ ফিল্ম থেকে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। শিগগিরই বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশের কথা জানান এই সংগীতশিল্পী।