এই পূর্ণিমায় সমুদ্রপাড়ে লালনের গান
কক্সবাজারের প্যাঁচার দ্বীপ সৈকতে পূর্ণিমা রাতে আয়োজন করা হবে লালনের গানের আসর। ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি—এই তিন দিন পূর্ণিমার আলোয় প্রতি সন্ধ্যায় থাকবে গানের আয়োজন। এতে রব ফকির, শাহজাহান মুন্সির মতো গুণী বাউলশিল্পীরা অংশ নেবেন। লালনের গানের এই অনুষ্ঠান আয়োজন করছে ‘মারমেইড ইকো বিচ রিসোর্ট’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনে ঢাকা থেকে আনুশেহ্ আনাদিলও অংশ নেবেন। কিন্তু আনুশেহ্র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে এখনো নিশ্চিত নন বলে জানান।
২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই রিসোর্টের নিজস্ব সৈকতে লালনের গান পরিবেশন করবেন কুষ্টিয়ার রব ফকির, মানিকগঞ্জের শাহজাহান মুন্সি, আলমডাঙ্গার আকলিমা ফকিরানী, কুষ্টিয়ার নজরুল ফকির, রেজা ফকিরসহ ১০ জন বাউল। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলবে এই গানের অনুষ্ঠান।
মারমেইড ইকো বিচ রিসোর্টের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, এই রিসোর্টের ৫১টি কটেজের ৮০ শতাংশ অতিথি বিদেশি পর্যটক। এখন পর্যটনের ভরামৌসুম, কক্সবাজার ভ্রমণে আসছেন দেশি-বিদেশি পর্যটকেরা। কিন্তু তাঁদের জন্য বিনোদনের তেমন ব্যবস্থা এখানে নেই। আয়োজকেরা জানান, রিসোর্টের অতিথি ছাড়াও বাইরের সীমিতসংখ্যক শ্রোতা এই লালনের গানের আসর উপভোগ করতে পারবেন।