এই প্রথম হাবিব-ন্যান্সি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিব-ন্যান্‌সি
হাবিব-ন্যান্‌সি

চলচ্চিত্র, নাটক আর অডিও অ্যালবামের অনেক গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন হাবিব ও ন্যান্‌সি। হাবিবের সুর ও সংগীতে ন্যান্‌সি কণ্ঠ দিয়েছেন অসংখ্য বিজ্ঞাপনের জিঙ্গেলেও। কিন্তু কোনো দিন বিজ্ঞাপনের জিঙ্গেলে একসঙ্গে কণ্ঠ দেওয়া হয়নি হাবিব-ন্যান্‌সির। এবারই প্রথম তাঁরা দুজন এক জিঙ্গেলে কণ্ঠ দিলেন।
একটি আবাসন প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন হাবিব ও ন্যান্‌সি। ২২ এপ্রিল রাতে হাবিব ওয়াহিদের গ্রিনরোডের স্টুডিওতে জিঙ্গেলটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। হাবিব-ন্যান্‌সির এই জিঙ্গেলের সঙ্গে পর্দায় ঠোঁট মেলাবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মিম।
ন্যান্‌সি বলেন, ‘ক্যারিয়ারে যত জিঙ্গেলে কণ্ঠ দিয়েছি তার মধ্যে হাতেগোনা দু-একটি বাদে প্রায় সবগুলোই হাবিব ভাইয়ের সুর ও সংগীতে। অনেক দিন পর আবারও হাবিব ভাইয়ের সুর ও সংগীতে জিঙ্গেলের কাজ করলাম। মজার ব্যাপার হলো, এবারই প্রথম আমরা দুজন কোনো জিঙ্গেলে একসঙ্গে কণ্ঠ দিলাম।’
ন্যান্‌সি এও বলেন, ‘জিঙ্গেলটির কথা যেমন চমৎকার, তেমনি সুরও অনেক মিষ্টি। হাবিব ভাই তো এমনিতেই অসাধারণ কাজ করেন। তাঁর কাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরাবরের মতো এবারও হাবিব ভাই দারুণ একটি জিঙ্গেল তৈরি করেছেন। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে।’
বাংলা গানের অন্যতম জনপ্রিয় জুটি হাবিব ও ন্যান্‌সি। ২০০৫ সালের শেষ দিকে ‘হৃদয়ের কথা’ ছবির মাধ্যমে এই জুটির যাত্রা শুরু হয়। সে বছর ‘হৃদয়ের কথা’ ছবির গানে হাবিবের সুর ও সংগীতে কণ্ঠ দেন ন্যান্‌সি। তবে হাবিব ও ন্যান্‌সি জুটির প্রকাশিত প্রথম গান ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির। এরপর থেকে এখন পর্যন্ত বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তাঁরা। ‘প্রজাপতি’ ছবির গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছে বাংলা গানের আলোচিত এ জুটি।