এই তো এক খণ্ড ছেঁউড়িয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন আয়োজন শিল্পকলায় খুব কম দেখা যায়। যেখানে ঢুকেই মন ভরে উঠল। পরিবেশটা অন্য রকম। যাঁরা লালনের আখড়ায় গেছেন, তাঁদের মনে হবে—আরে, এই তো এক খণ্ড ছেঁউড়িয়া!
মঞ্চের পেছনে দুই পাশে বাঁশঝাড়। মাঝে লালনের প্রতীকী ছবিটি। মেঝেতে খড় বিছানো। খড়ের ওপর হোগলা বিছানো হয়েছে বসার জন্য। সেখানে সারি বেঁধে সাধকেরা শিষ্যদের নিয়ে বসেছেন। সবার পরনে ধবধবে সাদা জামা। কারও কারও মাথায় বর্ণিল পাগড়ি, গলায় গামছা। একতারা, দোতারা, বাঁশি, হারমোনিয়াম, ঢোল–তবলা নিয়ে তাঁদের স্বতন্ত্র উপস্থিতি।
শুরুতে কিছুটা আনুষ্ঠানিকতা। উপস্থাপক জানালেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে মরমি গানের আসর। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ফকির লালন সাঁইজির ভাবশিষ্যদের গুরু-শিষ্য সম্মিলন ও ভাবগীত পরিবেশনা। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া এ আসরের শিরোনাম ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’।

জাতীয় চিত্রশালায় গতকাল অনুষ্ঠিত বাউল সংগীতের আসর ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ উদ্বোধনী পর্বের একটি পরিবেশনা ছবি সাইফুল ইসলাম
জাতীয় চিত্রশালায় গতকাল অনুষ্ঠিত বাউল সংগীতের আসর ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ উদ্বোধনী পর্বের একটি পরিবেশনা ছবি সাইফুল ইসলাম
সন্ধ্যার আলোছায়ায় এক মোহময়তা ছড়িয়ে দিল লালনের গানের সুর, বাণী । ছবি সাইফুল ইসলাম।
সন্ধ্যার আলোছায়ায় এক মোহময়তা ছড়িয়ে দিল লালনের গানের সুর, বাণী । ছবি সাইফুল ইসলাম।

উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী এবং ফকির হৃদয় সাধু।
লিয়াকত আলী বলেন, বাউলরা গান করবেন, সেই সঙ্গে জঙ্গিবাদবিরোধী সমাবেশে যোগ দেবেন তাঁরা। সব ধর্মের ঊর্ধ্বে উঠে মানবধর্ম উদ্বুদ্ধ করেন ফকির লালন। সে কারণেই বাউলদের এই জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে যুক্ত করবার প্রয়াস নেওয়া হয়েছে।
ফকির হৃদয় সাধু বললেন, লালনের গানের বাণীতে এমন দর্শনের সন্ধান মেলে, যার মাঝে ভাব আছে, মনে শান্তির পরশ বুলিয়ে দিয়ে যায় যে বাণী। তাঁর গানের বাণীর মধ্য দিয়ে লালন হয়ে উঠেছেন মহান দার্শনিক। যাঁর দর্শন একজন মানুষকে কেবল খাঁটি মানুষ হওয়ার শিক্ষাই দেয়নি, জগতে শান্তি ও সাম্য প্রতিষ্ঠার পথ দেখিয়েছে। লালনই বাউলসাধনার শ্রেষ্ঠ ভাষ্যকার; যিনি গানের মধ্যে সমকালীন সমাজ তুলে ধরেছেন।
ছোট্ট পরিসরে বক্তৃতা, তারপরেই গান। ‘ধন্য ধন্য বলি তারে’ গান ধরেন ফকির খোদা বক্সের ছেলে লতিফ শাহ। বগুড়ার ফকির মতিয়া রহমান গাইলেন, ‘তিন গর্ভে আছে রে এক ছেলে’, ‘তোমার মতো দয়াল রাসুল আর পাব না’। বাউলরা গেয়ে শোনান ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘বাড়ির কাছে আরশিনগর’সহ জনপ্রিয় সব গান।
সন্ধ্যার আলো–ছায়ায় এক মোহময়তা ছড়িয়ে দিল লালনের গানের সুর, বাণী। একে একে শিল্পী ফকির নইর সাহ্, ফকির হৃদয় সাহা এবং বাউলগুরু পাগলা বাবলুসহ অনেকেই গাইলেন গান।
আয়োজকেরা জানালেন, দেড় শ ফকির এসেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বগুড়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই বাউলদের টানে চলে এসেছেন ঢাকাসহ আশপাশের অঞ্চলের ভক্তরা। সবার সম্মিলিত গানে, কথায় পুরো এলাকায় মেতে উঠেছে লালন-বন্দনায়, জীবনসাধনায়।

আয়োজকেরা জানালেন, দেড় শ ফকির এসেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বগুড়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
আয়োজকেরা জানালেন, দেড় শ ফকির এসেছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বগুড়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে।