এক অ্যালবামে ১২০০ মানুষ!
ভাবা যায়, একটি অ্যালবামের সঙ্গে জড়িয়ে আছে এক হাজার ২০০ মানুষের শ্রম! অবাক করার মতো হলেও দূরবীন ব্যান্ডের উদ্যোগে তৈরি হয়েছে এমনই একটি মিশ্র অ্যালবাম। যেখানে বিভিন্ন ব্যান্ডের প্রায় ৩৫০ জন সদস্য, সুরকার, গীতিকার এবং সহযোগী মিলে অন্তত এক হাজার ২০০ মানুষ কাজ করেছেন। এমনটা জানিয়েছেন দূরবীন ব্যান্ডের গায়ক ও দলনেতা শহীদ। অ্যালবামটির নাম আমাদের ৭১ । এতে থাকছে ৭১টি দেশাত্মবোধক গান।
দূরবীন এন্টারটেইনমেন্টের ব্যানারে লাইভ টেকনোলজির সহযোগিতায় বাংলাদেশ এবং একাত্তরের শহীদদের উৎসর্গ করে ৭১টি গান তৈরি করা হয়েছে। শহীদ জানিয়েছেন, আমাদের ৭১ তৈরিতে তাঁদের দুই বছর সময় লেগেছে। লম্বা প্রচেষ্টার পর অবশেষে ২৬ ডিসেম্বর এটি প্রকাশ করবেন তাঁরা। ওই দিন বেলা আড়াইটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন ব্যান্ডের সদস্যরা এতে উপস্থিত থাকবেন। অ্যালবাম থেকে বাছাই করা ২০টি গান প্রকাশনা অনুষ্ঠানে পরিবেশন করা হবে।