এক গানে ছয় উত্তরসূরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান একটি, কিন্তু গাইলেন ছয়জন। এই ছয়জন আবার দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল তারকাদের উত্তরসূরি। সাবিনা ইয়াসমীনের মেয়ে বাঁধন, আলাউদ্দিন আলীর মেয়ে আলীফ আলাউদ্দিন, বশির আহমেদের মেয়ে হুমায়রা বশির, আবদুল আলীমের মেয়ে নূরজাহান আলীম, প্রবাল চৌধুরী ছেলে রঞ্জন চৌধুরী এবং ইয়াকুব আলী খানের ছেলে ইউসুফ আহমেদ খান মিলে গাইলেন গানটি।

 ‘আনন্দ উল্লাসে’ শিরোনামের দেশের গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পঙ্কজ। গানটি শোনা যাবে আনজাম মাসুদের উপস্থাপনায় বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ।

গানটি প্রসঙ্গে আলীফ আলাউদ্দিন বলেন, ‘আমরা সবাই গানের মধ্যেই বেড়ে উঠেছি। তাই একসঙ্গে গান গাওয়ার ব্যাপারটি আমার দারুণ লেগেছে। শুটিংয়ে সবাই মিলে বেশ মজাও করেছি।’

আনজাম মাসুদ বলেন, অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে।