এক ঢিলে দুই পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁখি আলমগীর
আঁখি আলমগীর

সংগীতশিল্পী আঁখি আলমগীর গান করবেন এটাই স্বাভাবিক। এদিকে, বছর তিনেক ধরে তিনি মডেলিংও করছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন তিনি। শুধু তা-ই নয়, বিজ্ঞাপনচিত্রটির জিঙ্গেলেও থাকছে তাঁর কণ্ঠ। আঁখির কাছে এটা এক ঢিলে দুই পাখি মারার মতোই একটি ব্যাপার। বললেন, ‘বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে কণ্ঠ দেওয়াটা আমার নিত্যদিনের কাজই বলা যেতে পারে। কিন্তু মডেলিং করাটা আমার কাজ না। তার পরও প্রায় সময়ই বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার প্রস্তাব পাই। আমি সাধারণত বিজ্ঞাপনচিত্রে মডেল হই না। বিজ্ঞাপনচিত্রের ভাবনা, বাজেট, আমাকে উপস্থাপন এবং আমার সম্মানীসহ আনুষঙ্গিক অন্য সবকিছু মিললে কাজ করি। সবকিছু মিলে যাওয়ায় এই বিজ্ঞাপনচিত্রটির কাজ করেছি। শুধু তা-ই নয়, জিঙ্গেলেও শোনা যাবে আমার কণ্ঠ।’
নতুন বিজ্ঞাপনচিত্রটিতে আঁখিকে একজন গৃহিণীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যিনি পরিবারের সবার জন্য রান্না নিয়ে ব্যস্ত থাকেন। বাস্তবেও নাকি রান্না করতে ভীষণ ভালোবাসেন আঁখি। কথা প্রসঙ্গে বললেন, ‘কাজের ব্যস্ততার বাইরে আমি পুরোদস্তুরই গৃহিণী। রান্না করাটা আমার কাছে অনেক বেশি আনন্দের। পরিবারের সদস্যদের নিজের হাতের রান্না করে খাওয়াতে বেশি ভালোবাসি। তাই এ ধরনের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতেও বেশি ভালো লেগেছে।’

গতকাল রোববার সারা দিন ধরে রাজধানীর তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শুটিংয়ে অংশ নেন আঁখি। নতুন এই বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনাতেও পড়েন আঁখি। বললেন, ‘গরম তেল নাড়াচাড়া করতে গিয়ে ছিটা এসে লাগে হাতে। ফোসকাও পড়েছে। কিন্তু তার পরও ক্যামেরা বন্ধ ছিল না। টানা শুটিং করেছি। পরে বিষয়টি টের পাই ভালোভাবে।’