এক ফ্রেমে তাহসান-ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান, সুজানা, তাহসান (বাঁ থেকে)
ইমরান, সুজানা, তাহসান (বাঁ থেকে)

তাহসান ও ইমরানের দ্বৈতকণ্ঠে গাওয়া অ্যালবাম ‘মন কারিগর’। ইমরানের সুর সংগীতে বছরের শুরুতেই প্রকাশিত হয় অ্যালবামটি। তাহসানের সঙ্গে ইমরানের কাজের নতুন অভিজ্ঞতার ফসল এটি। বছরের শেষে চমক দিলেন জনপ্রিয় এ দুই শিল্পী। তাঁদের ‘কেউ না জানুক’ গানটি নিয়ে তৈরি হলো ভিডিও।
‘মন কারিগর’ অ্যালবামের ওই গানের ভিডিওতে মডেল হয়েছেন সুজানা ও এবিএম সুমন। আজ শনিবার দিনভর ঢাকার কাছেই একটি লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়। এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘অডিওতে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। একে আরও ছড়িয়ে দেওয়ার জন্যই ভিডিও। তা ছাড়া দর্শকেরাও প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখবেন আমাকে ও তাহসান ভাইকে।’ এর আগে এ দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা হয়েছিল সুজানার। তবে এবারের কাজটি ভিন্ন। তিনি বললেন, ‘ভিডিওটি দেখলে মনে হবে, একটি নাটক দেখছেন। একটি গল্পের মধ্য দিয়ে গানটি এগিয়েছে।’
‘কেউ না জানুক’ গানটি লিখেছেন রবিউল ইসলাম। ভিডিওটি পরিচালনা করেছেন মিজানুর আরিয়ান। ভিডিওটি শিগগির প্রকাশিত হবে ইউটিউবে।