এক বছরের মধ্যে গানের জগতের চিত্র বদলে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনা করলেন আলাউদ্দীন আলী। সম্প্রতি মগবাজারে খান আতাউর রহমানের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন রুনা লায়লা ও সুবীর নন্দী। নতুন কাজসহ নানা প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আলাউদ্দীন আলী।
আলাউদ্দীন আলী
আলাউদ্দীন আলী

অনেক দিন পর সিনেমার জন্য গান করে কেমন লাগল?
গত বছরের আগস্টে বাসর হবে মাটির ঘরে সিনেমার গান করার জন্য পরিচালক শাহ মোহাম্মদ সংগ্রাম আমাকে অনুরোধ করেন। আমি তখন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছি। পরিচালকের ইচ্ছা, সৈয়দ শামসুল হকের লেখা গান তাঁর ছবিতে ব্যবহার করবেন। আমি কবির সঙ্গে যোগাযোগ করি। তিনি কিছুদিন সময় নিলেন। ডিসেম্বরে গানটি লিখে দিলেন। নিজেদের ভুল-বোঝাবুঝির কারণে শুরুতে একক গান হিসেবে লেখেন তিনি। এরপর জানুয়ারিতে দ্বৈত গান হিসেবে ঠিকঠাক করে আবার লিখে দেন। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, গানটিতে প্রতিষ্ঠিত শিল্পীদের কেউ কণ্ঠ দেবেন। একবাক্যে সবাই রুনা লায়লা ও সুবীর নন্দীর নাম প্রস্তাব করেন। অনেক বছর পর আমরা একসঙ্গে চলচ্চিত্রের গান করলাম।
কত বছর পর সৈয়দ শামসুল হকের লেখা গানের সুর ও সংগীত পরিচালনা করলেন?
২৫ বছর আগে তাঁর কথায় সিনেমার গান করেছি। ছবির নামও ভুলে গেছি। এরপর আর আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। অবশ্য সিনেমার গানের বাইরে তাঁর কিছু প্রামাণ্যচিত্রে আবহ সংগীতের কাজ করেছি।
গানটি রেকর্ডিংয়ের সময়ের ঘটনা একটু বলবেন?
আমি বরাবরই একটু অন্য রকমভাবে গান করি। দেখা যায়, রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে ২০-২৫ জন লোক থাকেন। বলতে পারেন, একটা উৎসবের আমেজ থাকে। সকালবেলা স্টুডিওতে যাই, সারা দিন কাজ করি। হইচই হয়। সিনেমার গান যেভাবে হওয়া উচিত, সেভাবেই করেছি আমরা।
সংগীতজগতের এখনকার অবস্থা কেমন মনে হচ্ছে?
মাঝে বড় একটা সময় খারাপ অবস্থা ছিল। এখন সেই চিত্রটা বদলে যাচ্ছে। আমার কাছেও প্রচুর কাজের প্রস্তাব আসছে। একসময় গানের একমুখী ব্যবসা ছিল, এখন তা বহুমুখী হয়েছে। আমি মেধাস্বত্ব আইন মেনেই কাজ করছি। আরও অনেকে করছেন। আমি মনে করি, সবাই যদি এই পদ্ধতিতে কাজ করেন, তা হলে এক বছরের মধ্যে গানের জগতের চিত্র বদলে যাবে।
সাক্ষাৎকার: মনজুর কাদের