এক বুনো স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান​স অ্যান্ড রোজেস ব্যান্ডের অ্যাক্সেল রোজ ও স্ল্যাশের পরিবেশনা
গান​স অ্যান্ড রোজেস ব্যান্ডের অ্যাক্সেল রোজ ও স্ল্যাশের পরিবেশনা

প্রায় ২০ বছর পর এক মঞ্চে অ্যাক্সেল রোজ, স্ল্যাশ, ডাফ ম্যাকাগান। গানস অ্যান্ড রোজেস ব্যান্ডের এই পুনর্মিলনের অপেক্ষায় ছিল সংগীতপ্রেমী অনেকেই। তাদের আবার এক মঞ্চে পাওয়া গানপাগল প্রত্যেক মানুষের জন্য ছিল আকাঙ্ক্ষিত বিষয়। সামনে থেকে জনপ্রিয় ব্যান্ডের পুনর্মিলনের সেই মুহূর্ত দেখার সৌভাগ্য সবার হয়নি। বাংলাদেশের এফাজ আহমেদ, অমিত জামান, গাজী আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, শরিফুল ইসলাম সুমন ও খাজা মাহমুদুর রহমান হঠাৎ করেই সুযোগটি পেয়ে গেলেন।
সম্প্রতি বাংলাদেশের এই ছয় তরুণ জীবনের সবচেয়ে স্মরণীয় কনসার্টটি উপভোগ করলেন। গানস অ্যান্ড রোজেস ব্যান্ডের সেই কনসার্টটির নাম ছিল ‘নট ইন দিস লাইফটাইম’। এবিসি রেডিও ৮৯.২ এফএম আয়োজিত ক্যাম্পেইন ‘ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি টু সি গানস অ্যান্ড রোজেস লাইভ’-এ অংশ নিয়ে ছয়জন সাধারণ শ্রোতা পান গানস অ্যান্ড রোজেস ব্যান্ডের কনসার্ট দেখার সুযোগ।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পেইনে নির্বাচিত ছয় শ্রোতাসহ এবিসি রেডিওর ১০ জনের টিম যায় থাইল্যান্ডের ব্যাংককে। এবিসির পক্ষ থেকে যান এহসানুল হক, গাজী শারমিন আহমেদ, সমন্বয় ঘোষ ও জেমস টুটুল মণ্ডল। ২৮ফেব্রুয়ারি ব্যাংককের এসসিজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কনসার্টটি। এই কনসার্টের ওভারসিজ রেডিও পার্টনার ছিল বাংলাদেশের রেডিও স্টেশন এবিসি। ট্রাভেল পার্টনার হিসেবে কাজ করছে ট্রিপিং ডটকম। ক্যাম্পেইনটির পৃষ্ঠপোষক ছিল বাংলালিংক।

এবিসি রেডিওর উদ্যোগে কনসার্টে অংশ নেওয়া ছয় বাংলাদেশি তরুণ
এবিসি রেডিওর উদ্যোগে কনসার্টে অংশ নেওয়া ছয় বাংলাদেশি তরুণ

কনসার্ট উপভোগ করে ওই দলের কয়েকজন গত বৃহস্পতিবার দেশে ফিরে আসেন। গানস অ্যান্ড রোজেস ব্যান্ডের স্মরণীয় সেই অভিজ্ঞতা নিয়ে ফিরে আসা ইফাজের সঙ্গে কথা হয়। তখনো তিনি গানস অ্যান্ড রোজেস–ঘোরে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের এই শিক্ষার্থী বললেন, ‘একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছে। কেঁদেছি-হেসেছি আর অনেক অনেক উপভোগ করেছি। ঢাকায় ফেরার পর থেকে ইউটিউবে সেই দিনের ভিডিওগুলো খুঁজছি। আবার সেই স্মৃতিগুলো তাজা করার চেষ্টা করছি।’
গত সোমবার রাত ৮টায় শুরু হয় কনসার্ট। চলে রাত ১১টা পর্যন্ত। ‘নভেম্বর রেইন’, ‘ডোন্ট ক্রাই’, ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’, ‘প্যারাডাইস সিটি’সহ জনপ্রিয় সব গান কনসার্টে পরিবেশন করে গানস অ্যান্ড রোজেস। মঞ্চে ব্যান্ড সদস্যদের পাগলামি আর পরিবেশনার কথা বলতে গিয়ে এবিসি রেডিওর ব্যবস্থাপক (ব্র্যান্ড ও স্ট্র্যাটেজি) সমন্বয় ঘোষ বলেন, ‘স্ল্যাশ যে কী বাজাল, তা আসলে বলে বোঝানো যাবে না। একটা পর্যায়ে স্ল্যাশ দর্শকদের দিকে তাঁর গিটারের পিক (গিটার যা দিয়ে বাজানো হয়) ছুড়ে মারেন। আমাদের দলেরই একজন সেই পিকটি ধরতে পেরেছিল।’
এদিকে কনসার্টের আরও দুই অংশগ্রহণকারীর সঙ্গে কথা হয় ঢাকায় ফেরার পরপর। অমিত ও সুমন দুজনই বলেন, তাঁদের অভিজ্ঞতাগুলো ভাষায় প্রকাশ করা কঠিন। এ যেন কোনো বুনো স্বপ্ন সত্যি হওয়া।