এক মঞ্চে গাইবেন সাবিনা ও বন্যা

এক মঞ্চে গাইবেন দেশের বরেণ্য দুই সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ২০১৭’ প্রতিযোগিতার চূড়ান্ত আসরের মঞ্চে শোনা যাবে তাঁদের গান। আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই আসর। বাংলাবিদ মূলত বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, বানান ও ব্যাকরণের সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে বাংলা ভাষাবিষয়ক মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো।
অনুষ্ঠানটির পরিচালক তাহের শিপন জানান, সমাপনী অনুষ্ঠানে থাকবে নানা চমক। তারই অংশ হিসেবে সাবিনা ইয়াসমীন শোনাবেন ‘একটি বাংলাদেশ’ ও রেজওয়ানা চৌধুরী বন্যা শোনাবেন ‘আগুনের পরশমণি’ গানটি। গানের পর প্রতিযোগীদের গান থেকে প্রশ্নও করা হবে। পুরো আয়োজনটি সরাসরি প্রচার করবে চ্যানেল আই।
‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতার মূল বিচারক অধ্যাপক সৌমিত্র শেখর, কথাসাহিত্যিক আনিসুল হক ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী প্রতিযোগী পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। ৩৫ হাজার প্রতিযোগী থেকে চূড়ান্ত প্রতিযোগিতায় লড়বে ছয়জন। তারা হলো পাবনার সোয়েব আনিয়াদ খান, খুলনার সিরাজুল আরিফিন ও সমর্পণ বিশ্বাস, লক্ষ্মীপুরের রাইসা সালসাবিল, ঢাকার নুসরাত সায়েম, সিলেটের প্রতীক পনতীম।