এক মঞ্চে গাইলেন মমতাজ ও বাবু
লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজের সঙ্গে গান গাইলেন ফজলুর রহমান বাবু। গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে তাঁদেরকে গান গাইতে দেখা যায়। এটি ছিল একসঙ্গে তাঁদের গাওয়া প্রথম গান।
অভিনয়ের ফাঁকে মাঝে মধ্যে কারো কারো অনুরোধে গান গাইতেও হয় ফজলুর রহমান বাবুকে। এবারের ব্যাপারটিও অনুরোধে করতে হয়েছে। সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে পরিবেশনা শেষে প্রথম আলোকে ফজলুর রহমান বাবু বলেন, ‘বহুদিন পর মঞ্চে গান গাইলাম। ভালোই লাগল। আর এবারই প্রথম মমতাজের সঙ্গে আমি মঞ্চ ভাগাভাগি করলাম। যদিও গানটি রেকর্ডিংয়ের জন্য খুব একটা সময় পাইনি। তাই প্রস্তুতিও সেভাবে নিতে পারিনি। খুব তাড়াহুড়োর মধ্যে কাজটি করতে হয়েছে। গানের কথাগুলো চমৎকার ছিল।’

বাবুর সঙ্গে একমত মমতাজও। জানালেন, সময় না পাওয়ার কারণে মনের মতো করে গানটি গাইতে পারেননি। বললেন, ‘গত কিছুদিন ধরে আমি দেশের বাইরের শো নিয়ে ব্যস্ত ছিলাম। এসেই গানটির রেকর্ডিং করতে হয়েছে। সময় পেলে আরেকটু ভালো হতে পারত।’
সিম্ফনি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের পুরস্কার প্রদান অনুষ্ঠানে হঠাৎ এই দুই শিল্পীকে দেখে চমকে যান উপস্থিত অতিথিরা। গান শেষে তাদের করতালি জানিয়ে দিল, গনটি পছন্দ হয়েছে তাদের।