এক মঞ্চে হাজার বছরের বাংলা গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল ‘হাজার বছরের বাংলা গান’ অনুষ্ঠানে গানের সঙ্গে ছিল দলীয় নৃত্য l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় গতকাল ‘হাজার বছরের বাংলা গান’ অনুষ্ঠানে গানের সঙ্গে ছিল দলীয় নৃত্য l ছবি: প্রথম আলো

মঞ্চসজ্জা বেশ দৃষ্টিনন্দন। দুই পাশ শত শত বছরের পুরোনো প্রত্নসম্পদের ছবি দিয়ে সাজানো। চোখে আরাম দিল। শিল্পীদের সুর-তাল-লয় সবখানেই যথেষ্ট যত্নের ছাপ। মনে আরাম জোগাল। অবাক করা বিষয় এই যে শিল্পীরা পেশাদার নন, বেশির ভাগই শিক্ষার্থী। গান শেখা ও জানা-বোঝার জন্য সরকারি সংগীত মহাবিদ্যালয়ে পাঠ নিচ্ছেন। তাঁদের পরিবেশনায় শনিবার সন্ধ্যায় মিলল হাজার বছরের বাংলা গানের বিবর্তন। যেখানে শ্রোতারা পেলেন চর্যা থেকে সমকালীন পপ, রক গানের স্বাদ।

শিল্পকলা একাডেমি আর সরকারি সংগীত কলেজের যৌথ আয়োজনে গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বসে ‘হাজার বছরের বাংলা গান’ শিরোনামে দারুণ এই আয়োজন। এতে আড়াই ঘণ্টার সুরের ভেলায় ভেসে বেড়ান মিলনায়তনভর্তি শ্রোতারা।

‘হাজার বছরের বাংলা গান’ আয়োজনের শুরুতেই ছিল আলোচনাপর্ব। এ পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব ইব্রাহীম হোসেন খান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক কৃষ্টি হেফাজ।

আলোচনাপর্ব শেষে শুরুতেই ছিল চর্যাগান, যার সঙ্গে ছিল শিল্পকলা একাডেমির নৃত্যদলের পরিবেশনায় নৃত্য। এরপর ছিল নাথগীতির পরিবেশনা। এ গানের পর রাগসংগীতের আলাপ, সঙ্গে নৃত্য। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে গীত হয় ‘নৌকা বিলাস খণ্ড’।

বাংলা সাহিত্যের মধ্যযুগের পুঁথি ও কাব্যসাহিত্যের পরিবেশনার শুরুতে ছিল মহাকবি আলাওলের পদ্মাবতীর সিংহল দ্বীপ বর্ণন খণ্ডের পুঁথিপাঠ, বৈষ্ণব পদাবলি ও কীর্তন, মঙ্গলকাব্য থেকে গীত হয় মঙ্গলগান। এরপর রাম প্রসাদী গান।

মঙ্গলগানের পর শুরু হয় লোকসংগীত। ছিল মৈমনসিংহ গীতিকার গান আর কবিয়ালদের কথোপকথনের লড়াই, নিধুবাবুর বাংলা টপ্পা, দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মসংগীত থেকে দেহ জ্ঞান ও দিব্য জ্ঞানের পরিবেশনা। এরপর দুটি নাট্যগীতি। সিলেট অঞ্চলের বিয়ের গান—যা ধামাইল নামে পরিচিত—ছিল তার পরিবেশনা। ‘তোমরা কুঞ্জ সাজাওগো’ গানের সঙ্গে ছিল নৃত্য।

এরপর পঞ্চকবির গান। সম্মেলক কণ্ঠে রবীন্দ্রনাথের ‘ও আমার দেশের মাটি’, নজরুলের ‘দুর্গম গিরি কান্তার মরু’, রজনীকান্তের ‘মায়ের দেয়া মোটা কাপড়’, দ্বিজেন্দ্রলালের ‘ধনধান্য পুষ্পভরা’ এবং অতুল প্রসাদের ‘মোদের গরব মোদের আশা’ গানগুলো গীত হয়। এরপর গীত হয় বাংলা কাওয়ালি ও কাসিদা ‘আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে’।

এরপর দুটি গণসংগীত। মুকুন্দ দাসের ‘ভয় কি মরণে’ ও তেভাগা আন্দোলন নিয়ে সলিল চৌধুরীর ‘হেই সামালো ধান হো’। এসব ছিল গানের সঙ্গে নৃত্য। এরপর আধুনিক বাংলা গান। একে একে গীত হয় ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘ভুল ভেঙে গেলে কাছে আসবে’, ‘তন্দ্রা হারা নয়ন’, ‘কে যাসরে’, ‘দ্বীপ ছিল শিখা ছিল’ ও ‘এই মেঘলা দিনে একলা’। এরপর আলতাফ মাহমুদের ভাষার গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের দুই গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ ও ‘বিজয় নিশান উড়ছে ওই’ গীত হয়।

এরপর স্বাধীনতা-পরবর্তী চলচ্চিত্রের গান। হারানো দিন চলচ্চিত্রের ‘আমি রূপনগরের রাজকন্যা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এরপর একে একে গীত হয় ‘পথে পথে দিলাম ছড়াইয়া’, ‘সাগর কূলের নাইয়া’, ‘চেনা চেনা লাগে’ এবং ‘ফুলের কানে ভ্রমর এসে’। ব্যান্ড মিউজিক ও জীবনমুখী গানে শোনা যায় ‘আলাল ও দুলাল’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘ও নদীরে তুই যাস কোথারে’ ও ‘তুমি ঘর বানাইলা’। শেষ হলো মনে রাখার মতো আয়োজনটি।