এক মিউজিক ভিডিওর শুটিং করতে পাঁচ দিন!

এখন তো এক ঘণ্টার একটি নাটকের শুটিংই দুই দিনে শেষ করা হয়। সেখানে একটি গানের ভিডিও তৈরির জন্য নির্মাতা সময় নিলেন পাঁচ দিন। পাঁচ দিনে নির্মাতা তৈরি করলেন বেলাল খানের একক অ্যালবাম থেকে নেওয়া ‘দোজখে যাবি রে তুই’ শিরোনামের গানের ভিডিওটি। এটি নির্মাণ করেছেন ফজলে রাব্বি।
এত সময় নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরির ব্যাখ্যা ফজলে রাব্বি দিলেন এভাবে, গানের কথার সঙ্গে মিলিয়ে ভিডিও করতে বড় আয়োজন লেগেছে। বড় আয়োজনে কাজ করতে গেলে বাজেট ও সময় দুটোই প্রয়োজন। ঢাকা ও কুষ্টিয়ার কয়েকটি স্থানে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। বেলাল খানের নতুন এ গানের অডিওটি গত ঈদুল ফিতরে বাজারে আসে। সোমেশ্বর অলির লেখা গানটির সুরও করেছেন বেলাল। তাঁর পাশাপাশি গানটিতে ক্ল্যাসিক ইমপ্রোভাইজেশন করেছেন সোয়েব। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। বেলাল জানান, ভিডিওটি আরও নিখুঁতভাবে তৈরির জন্য শুটিংয়ের আগে তাঁরা নতুন করে এর অডিও ধারণ করেছেন। তখন নতুন করে পূজার কণ্ঠও যুক্ত করা হয়েছে গানটিতে। শিল্পীদের সঙ্গে গানের ভিডিওতে মডেল হয়েছেন মেঘলা, শিমুল খান, নাহিদ, সিনি স্নিগ্ধা ও সতেজ চৌধুরী। শিগগিরই ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউবে বেলাল তাঁর নিজের চ্যানেলে মিউজিক ভিডিওটি দেবেন।