এক 'ফরমেশন' থেকে কত্ত কিছু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমটিভি ভিএমএ ২০১৬-এর মঞ্চে বিয়ন্সে নোলস
এমটিভি ভিএমএ ২০১৬-এর মঞ্চে বিয়ন্সে নোলস

ধবধবে সাদা পোশাকে সেদিন মঞ্চে এসেছিলেন বিয়ন্সে। প্রাপ্তিতে পপসম্রাজ্ঞী ম্যাডোনাকে ছাড়িয়ে খানিকটা ওপরের দিকে চলে এসেছেন তিনি। গত রোববারের আগেও গানের ভিডিওর জন্য সবচেয়ে বেশি পুরস্কার ছিল ম্যাডোনার। রোববার এমটিভি ভিএমএ ২০১৬-তে ছয়টি পুরস্কার পেয়ে সেই সংখ্যাকে ছড়িয়ে গেলেন বিয়ন্সে। ভিডিও গানে এখন তাঁর মোট পুরস্কার ২২টি। আর এই মাইলফলক ছুঁয়ে দিতে তাঁকে সহযোগিতা করেছে তাঁর ‘ফরমেশন’ গানের ভিডিওটি।

যে গানের জন্য পুরস্কার, সেটার জন্য শুরুতে জুটেছিল তিরস্কার। সমালোচকদের আপত্তির শেষ ছিল না সেই গান নিয়ে। এমনকি প্রকাশের পর এমন অভিযোগও উঠেছিল, ভিডিওটিতে নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কটাক্ষের ইঙ্গিত রয়েছে। তবে এর চেয়ে বেশি বিতর্ক ছিল কেনি ওয়েস্টের সমসাময়িক ‘ফেমাস’ গানটি নিয়ে। ফলে সামনে এগিয়ে আসতে সমস্যা হয়নি বিয়ন্সের। এমটিভি ভিএমএ ২০১৬-তে ‘ফরমেশন’ গানটি পুরস্কার পেয়েছে ভিডিও অব দ্য ইয়ার, বেস্ট পপ ভিডিও, বেস্ট কোরিওগ্রাফি ও বেস্ট ডিরেকশন বিভাগগুলোতে। তা ছাড়া কারিগরি শাখার বেস্ট সিনেমাটোগ্রাফি ও বেস্ট এডিটিং বিভাগেও পুরস্কার জিতে নেয় গানটি।
বিশেষ কী ছিল সেই গানে! শিল্পীর নিজের জীবনের কথাগুলোই জানিয়েছেন গানে গানে। অ্যাশটন হগান, বিয়ন্সে, খলিফ ব্রাউন ও মিশেল উইলিয়ামসের লেখা গানটির ভিডিওটি সত্যিই যেন ইঙ্গিতে ভরপুর। গানের কথাগুলোর সঙ্গে মিল রেখে দৃশ্যায়ন অথবা ‘কটাক্ষ’। আর সেসব উপস্থাপনায় চমকের ছড়াছড়ি। ভিডিওতে অংশ নিয়েছেন একঝাঁক সহশিল্পী। তাতে আছে আলোছায়ার অপূর্ব সমন্বয়, চমকে দেওয়ার মতো দৃশ্যায়ন। সমসাময়িক নাচে বিয়ন্সে যুক্ত করেছেন নিজস্ব ভঙ্গি। শিল্পী যখন নিজেই মডেল, তখন কত কিছুই না করা যায়। বখাটের হাতে ঘোরানো শেকলের মতো নিজের বেণিটি ঘুরিয়ে নিচ্ছেন আঙুলে, কখনো গানের কথাগুলোর সঙ্গে সঙ্গে চরিত্রের মতো নিজেই বদলে যাচ্ছেন। নাচের জায়গা হিসেবে বেছে নিয়েছেন ঘরের কোরিডোর, ভলিবলের কোট, আবার কখনো ঘরের বাইরের সড়কপথ। তুলে আনা হয়েছে বিভিন্ন দশকের সাজপোশাক আর স্টাইল। আর ওই যে পুলিশের গাড়িটা, গান শেষ হতেই যেটা ডুবে গেল, তাতে সত্যিই একটা ইঙ্গিত ছিল হয়তো।
স্নায়ুতে চাপ না পড়লে নাকি অস্থির বোধ করেন বিয়ন্সে। ‘চাপ’ বোধ করলেই নিশ্চিত হন, ভক্তদের দারুণ কিছু একটা উপহার দিতে যাচ্ছেন তিনি। ‘ফরমেশন’ গানের ভিডিওটার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। সমালোচনায় পড়ে একটু চাপ অনুভব করেছিলেন তিনি। কিন্তু ভাবতেও পারেননি, বিতর্কিত একটা ভিডিও তাঁকে এতটা দেবে। পুরস্কারের অনুষ্ঠানে ১৬ মিনিট নিজের ‘লেমোনেড’ অ্যালবামের কয়েকটি গানের সঙ্গে নাচ করেছেন বিয়ন্সে। ছিল ‘প্রে ইউ ক্যাচ মি’ ও ‘হোল্ড আপ’ গান দুটি। নিউ অরলিন্সের মানুষদের শুভকামনা জানিয়ে এবারের পুরস্কারটি তাঁদের উৎসর্গ করেছেন তিনি। ইন্ডিপেনডেন্ট, বিলবোর্ড, মেট্রোলিরিকস, ইউটিউব অবলম্বনে।