একই ছবিতে মিনার ও অরিজিতের গান

নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে জনপ্রিয় একটি নাম মিনার রহমান। গীতিকার, সুরকার এবং কার্টুনিস্ট হিসেবে আলাদা পরিচয় আছে তাঁর। একসময় কার্টুন নিয়ে মেতে থাকা মিনার সংগীতশিল্পী হিসেবে বেশি পরিচিত। বাংলাদেশে যে কয়জন তরুণ সংগীতশিল্পী গানের জগতে নিজস্ব ধারা তৈরি করেছেন, মিনার রহমান তাঁদের অন্যতম। তরুণ প্রজন্মের এই শিল্পী এবার দেশের সীমানা ছাড়িয়ে ভারতের বাংলা ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ছবির নাম ‘ফিদা’। ছবির আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘ফিদা’ ছবির পরিচালক পথিকৃৎ বসু। ছবিতে অভিনয় করেছেন ইয়াশ, সানজানা বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শায়ান প্রমুখ। গত ৭ জুন ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির ট্রেলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। তাতে মিনারের কণ্ঠ একঝলক পাওয়া গেছে।
মিনার সাধারণত নিজের কথা ও সুরে গান করেন। তবে মাঝেমধ্যে তিনি অন্য গীতিকার-সুরকারদের গানেও কণ্ঠ দেন। ‘ফিদা’ ছবির গানের ক্ষেত্রে শুধু কণ্ঠ দিয়েছেন মিনার। ঢাকার মোহাম্মদপুরে সংগীত পরিচালক সাজিদ সরকারের স্টুডিওতে সপ্তাহ দু-এক আগে গানটিতে কণ্ঠ দেন মিনার। ‘একা দিন ফাঁকা রাত’ শিরোনামের এই গানের ট্রেলার শিগগিরই ইউটিউবে প্রকাশ করা হবে। গানটির সুরকার ও সংগীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়।
কীভাবে যোগাযোগ হলো? আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে মিনার বলেন, ‘এই গানের সংগীত পরিচালক অরিন্দমের সঙ্গে আমার যোগাযোগ অনেক আগের। গান নিয়ে আমাদের প্রায়ই আলাপ হয়। আমাদের একসঙ্গে কাজ করার পরিকল্পনা ছিল। আমার কয়েকটি গান তাঁর পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সপ্তাহ তিনেক আগে হঠাৎ অরিন্দম আমাকে একটা ট্র্যাক পাঠায়। ওই ট্র্যাকের ওপর গানটা গেয়ে পাঠাই। শুনেছি, আমার গাওয়া গানটি তাঁদের পছন্দ হয়েছে।’
‘একা দিন ফাঁকা রাত’ গানের মধ্য দিয়ে প্রথম ভারতের বাংলা ছবির গানে যাত্রা শুরু হলো মিনারের। দেশের বাইরে কাজের অনুভূতি কেমন? মিনার বলেন, ‘অনুভূতি অবশ্যই ভালো। দেশের বাইরে, দেশের গণ্ডি পেরিয়ে আরেকটা ইন্ডাস্ট্রি, আরেকটা মার্কেটে নিজের গান—এটা কাজের ক্ষেত্রে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। আশা করি, গানটা সবার ভালো লাগবে।’
‘ফিদা’ ছবিতে মিনার গেয়েছেন একটি গান, অরিজিৎ সিং গেয়েছেন আরেকটি গান। ভারতের জনপ্রিয় গায়কের সঙ্গে একই ছবির অংশ হওয়ার ব্যাপারটি মিনারের জন্য আনন্দের। বললেন, ‘কোনো সন্দেহ নেই যে অরিজিৎ সিং ভারতের এ সময়ের সেরা গায়কদের মধ্যে একজন। আমি যে ছবিতে গান গেয়েছি, তাতে তিনিও গান গেয়েছেন। একই ছবিতে দুজনের গান থাকার ব্যাপারটি ভালো লাগার। অরিজিৎ সিংয়ের গাওয়া গানটি এরই মধ্যে আলাদা করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে, কিছুদিনের মধ্যে আমার গানটাও প্রকাশ করবে।’
অডিও মাধ্যমে গান গাওয়ার পাশাপাশি মিনার বাংলাদেশের তিনটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে তাঁর গাওয়া প্রথম গান ব্যবহার হয় রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিতে। এরপর ‘যাযাবর’ নামের আরেকটি ছবির গানে কণ্ঠ দেন মিনার। সম্প্রতি ‘নায়ক’ নামের একটি ছবির গানে কণ্ঠ দেন তরুণ প্রজন্মের এই গায়ক।
মিনার তাঁর বাবা আজহারুল ইসলামকে দেখে প্রথম গান গাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ হন। তাঁর বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতেন। ছোটবেলায় মিনার ছবি আঁকতেন। ছবির বিষয়বস্তুকে ঘিরে স্কুলে পড়ার সময়ই গান লেখেন। দশম শ্রেণিতে পড়ার সময় গানের সুর দেওয়ার কাজ শুরু করেন। মেজো বোনের কাছ থেকে কি-বোর্ড উপহার পেয়ে সংগীতের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। চারপাশের পরিবেশ থেকে অনুপ্রেরণা নিয়ে গান লিখতেন ও তাতে সুর দিতেন। এভাবে ২০টি গান করে ফেলেন, তা থেকে ১৩টি গান বাছাই করে যোগাযোগ করেন প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান জি-সিরিজে। সেখানেই সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিনারের পরিচয় হয়। ২০০৮ সালে মিনারের প্রথম একক অ্যালবাম ‘ডানপিটে’ প্রকাশিত হয়। এই অ্যালবামের ‘সাদা’, ‘বন্ধু’, ‘জানি’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়।
২০১১ সালের এপ্রিলে তাহসানের সংগীতায়োজনে অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হয় মিনারের দ্বিতীয় একক অ্যালবাম ‘আড়ি’। এ অ্যালবামের গানগুলোর মধ্যে ‘আড়ি’, ‘আরও একটু দূরে’, ‘নীল’ জনপ্রিয় হয়। দ্বিতীয় একক অ্যালবামের তিন বছর পর মিনারের তৃতীয় একক অ্যালবাম ‘আহারে’ প্রকাশিত হয়।