একই দিনে অ্যালবাম ও মিউজিক ভিডিও

নতুন মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে মাস দেড়েক আগে। এখন প্রচারের অপেক্ষা। আগামী শুক্রবার থেকেই দেখা যাবে আবিদা সুলতানার গানের নতুন ভিডিও। এমন তথ্য জানালেন শিল্পী নিজেই। তাঁর নতুন গান ‘ফাগুন এলো যে শ্রাবণের’ মিউজিক ভিডিওটির প্রচার শুরু হবে একাত্তর টিভির একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর অনলাইনসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচার করা হবে এটি। গানটির লেখা ও সুর শওকত আলী ইমনের।
আবিদা সুলতানা জানালেন, তাঁর নতুন মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈয়দ আলী আহসান। প্রায় দেড় মাস আগে ভিডিওর দৃশ্য ধারণ করা হয় ঢাকার উত্তরায়।
আবিদা সুলতানা নতুন এই মিউজিক ভিডিও সম্পর্কে বলেন, ‘ভিডিওতে আলাদা কোনো মডেল নেওয়া হয়নি। পুরো গানে আমাকে দেখা যাবে। গানটি অনেক যত্ন নিয়ে করেছি আমরা।’
একই দিন থেকে অনলাইনেও পাওয়া যাবে আবিদা সুলতানার স্বপ্নিল মনের ঠিকানা নামে নতুন একটি অ্যালবাম। এই অ্যালবামে গান রয়েছে পাঁচটি।