একজন ত্রৈলী দত্ত ও সরোদ পরিবেশনা

ত্রৈলী দত্ত উপমহাদেশের সমকালীন জনপ্রিয় একজন প্রতিশ্রুতিশীল সরোদ বাদক। সংগীতাচার্য শ্যাম গঙ্গোপাধ্যায় এবং ওস্তাদ আলী আকবর খানের সুযোগ্য শিষ্য পন্ডিত কমল মল্লিকের কাছে ত্রৈলী দত্তের সরোদ বাদনে হাতেখড়ি। বর্তমানে ত্রৈলী বিখ্যাত পণ্ডিত সঞ্জয় বন্দোপাধ্যায়ের কাছে সংগীত নির্মাণের আধুনিক পদ্ধতির ওপর তালিম নিচ্ছেন। আজ সন্ধ্যায় এ শিল্পী সরোদ বাজিয়ে মুগ্ধ করলেন ঢাকার দর্শক-শ্রোতাদের।
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সিটি ব্যাংক লিমিটেড যৌথভাবে আজ সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে সংগীতরত্ন ত্রৈলী দত্তের একক সরোদ সন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। তিনি বলেন, এই উপমহাদেশে সমসাময়িককালে সংগীত সাধনায় আত্মনিয়োগ করে নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন যে কজন, শিল্পী ত্রৈলী দত্ত তাদের মধ্যে অন্যতম, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মানুষ উদীয়মান এই প্রতিভার সঙ্গে পরিচিত হতে পারবে। সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দিন আহমেদ বলেন, ত্রৈলী দত্তকে অনুসরণ করে আমাদের তরুণ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম. আজিজুর রহমান।
২০০৯ সালে ভারতের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার এবং ডোভারলেন মিউজিক কনফারেন্স ও ডোভারলেন মিউজিক একাডেমি আয়োজিত উভয় সংগীত প্রতিযোগিতায় ত্রৈলী প্রথম স্থান অধিকার করেন। লেখাপড়াতেও কৃতি ছাত্রী হিসেবে ত্রৈলী প্রশংসা কুড়িয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে মাস্টার্স ডিগ্রি পরীক্ষায় ত্রৈলী প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছেন। সংগীত প্রতিভার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে বিশেষ বৃত্তি প্রদান করে সম্মানিত করে। বর্তমানে ত্রৈলী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীতের উপর পিএইচডি. করছেন।
সম্প্রতি বঙ্গীয় সঙ্গীত পরিষদ ত্রৈলী-কে ‘সঙ্গীতরত্ন’ উপাধিতে ভুষিত করেছে।