একঝাঁক শিল্পীর কণ্ঠে নজরুলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল সম্মেলনে ছিল সংগীত পরিবেশনা
নজরুল সম্মেলনে ছিল সংগীত পরিবেশনা

‘তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা’। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে নজরুলের এই গানটি গাইছিলেন রাঙামাটির সঙ্গীতা দাশ। দর্শকে ঠাসা মিলনায়তনের এই অনুষ্ঠানে একক নজরুলসংগীত শোনান ঢাকা ও ঢাকার বাইরের ৩০ জনের বেশি শিল্পী। গত শুক্রবার সেখানে নজরুল ইনস্টিটিউটের আয়োজনে শুরু হয়েছিল চার দিনের জাতীয় নজরুল সম্মেলন।
এই আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কাজী নজরুল ইসলামের ‘আমি গগনে গগনে সন্ধ্যা তারায় কনক গাঁদার ফুল গো’ গানটির সঙ্গে নাচ পরিবেশন করেন দীপা খন্দকার ও তাঁর দল।
সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় সকালে। বেলা ১১টা থেকে মূল মিলনায়তনে শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত ও স্বরলিপির ওপর প্রশিক্ষণ দেন ভারতের রণতিদেব মৈত্র, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও লীনা তাপসী খান। বিকেলে কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘কাজী নজরুল ইসলাম: আ চ্যাম্পিয়ন অব ট্রুথ অ্যান্ড জাস্টিস ইন দ্য গ্লোবাল ফ্রন্ট’ প্রবন্ধটি পাঠ করেন গুলশান আরা কাজী। প্রবন্ধটির ওপর আলোচনা করেন কবি মুহাম্মদ নূরুল হুদা এবং অধ্যাপক মোহীত-উল-আলম।
গতকাল রোববার বেলা ১১টা থেকে শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত ও স্বরলিপির ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও নাচ। আজ সমাপনী অনুষ্ঠানে থাকছে নাচ, আবৃত্তি ছাড়াও নাটক জাগো সুন্দর চির কিশোর।
শুক্রবার বিকেলে জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।