একটি অনুপম সন্ধ্যা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপম রায় l ছবি: খালেদ সরকার
অনুপম রায় l ছবি: খালেদ সরকার

‘আমাকে আমার মতো থাকতে দাও’ বললেও এই বাংলার ডাকে তিনি আসবেনই। অন্তর শোবিজ আয়োজিত দুই বাংলার শিল্পীদের গান নিয়ে যে কনসার্ট হলো ঢাকায়, সেটি মাতিয়ে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায় ও ব্যান্ড। সঙ্গে ছিলেন বাংলাদেশের পারভেজ ও ন্যান্সি।

ন্যান্‌সি
ন্যান্‌সি

অটোগ্রাফ সিনেমার গানগুলো গাওয়ার জন্য অনুরোধ আসবে, জানা কথা। অনুপম কিন্তু অবাক তাঁর একদম নতুন গানগুলোর অনুরোধ পেয়েও। গানের কথাও দর্শকদের মুখে মুখে। ‘বোবা টানেল’, ‘এখন অনেক রাত’, ‘বসন্ত এসে গেছে’, ‘ফাঁকা ফ্রেম’, ‘এই শোনো’ গানগুলো তো হলোই।
সম্প্রতি কোক স্টুডিওতে অংশ নিয়ে এই বাংলার শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলেও জানালেন। এ জন্য ধন্যবাদ দিলেন সবাইকে।
সামনেই বিয়ে তাঁর, দর্শকেরা সে খবরও জানেন দেখা গেল। এমনকি অনুপমকে একজন অনুরোধই করে বসলেন বাংলাদেশে বিয়ের অনুষ্ঠান করার জন্য। ‘এ দেশে বিয়ে করলে তো এ দেশেই থেকে যেতে হবে।’ হাসলেন অনুপম। অনুপমের পাশাপাশি তাঁর ড্রামবাদক সন্দীপনও পেলেন দর্শকদের আলাদা প্রশংসা।

পারভেজ
পারভেজ


পিকু সিনেমার গানগুলোও গাইলেন। একের পর এক গান চলছে আর রাত বাড়ছে। তবে শেষ যে হয়নি তা বোঝা যাচ্ছিল, কারণ ‘আমাকে আমার মতো থাকতে দাও’ তখনো গাওয়া হয়নি তো! আর ঠিক সেই গানটি দিয়ে শেষ হলো কনসার্ট।
এর আগে পারভেজ শুরু করেছিলেন তাঁর সুফি ঘরানার গান দিয়ে। ন্যান্সি গেয়েছেন তাঁর জনপ্রিয় কিছু গান। প্রতি মাসেই এমন অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা আছে বলে জানাল অন্তর শোবিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরমান পারভেজ মুরাদ ও তানিয়া হোসেন।