‘একটু ভয় পাচ্ছি, টিকা নেওয়া হয়নি’
এবার করোনা আক্রান্ত হলেন সংগীতশিল্পী হৃদয় খান। গত বুধবার রাতে করোনার পরীক্ষা করানো হলে ফলাফল পজিটিভ আসে। তথ্যটি নিজেই নিশ্চিত করেছেন হৃদয় খান। এক দিনের জন্য হাসপাতালে ছিলেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন তিনি।
গতকাল শনিবার হৃদয় খান জানালেন, বুধবার সকালে ঘুম থেকে উঠেই জ্বর জ্বর অনুভব করেন তিনি। দুপুর পর্যন্ত জ্বর বাড়ে। হৃদয় বলেন, ‘সেদিন সকালে জ্বর অনুভব হচ্ছিল। কিন্তু দুপুরে বেড়ে যায় জ্বর। খেতে গিয়ে সবকিছুই তিতা তিতা লাগছিল। আস্তে আস্তে শরীরের ব্যথা অনুভব হচ্ছিল। এরপর দ্রুতই হাসপাতালে গিয়ে ভর্তি হই। পরীক্ষা করে দেখি করোনা পজিটিভ। একটু ভয় পাচ্ছি, টিকা নেওয়া হয়নি আমার।’
হঠাৎ করোনা সংক্রমণ বাড়ছিল। এর মধ্যে স্টেজ শোও তেমন একটা করেননি হৃদয় খান। বলেন, ‘বাসা থেকে তেমন একটা বেরও হই না। করোনার মধ্যে এখন স্টেজ শোও কমিয়ে দিয়েছি। কিন্তু কীভাবে যে কী হয়ে গেল, বুঝলাম না।’
হৃদয় খান জানালেন, বর্তমানে মাথা ও শরীরব্যথা রয়েছে। বলেন, ‘কাশি নেই। কিন্তু সারা শরীরে ব্যথা আছে। খেতে পারছি না। এ জন্য শরীরটাও দুর্বল। চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছি।’