একেই বলে তারকা শক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভক্তদের সঙ্গে ফোনে কথা বলছেন বাঁ থেকে আল পাচিনো, লিওনার্দো ডি’ ক্যাপ্রিও ও রবার্ট ডি নিরো
ভক্তদের সঙ্গে ফোনে কথা বলছেন বাঁ থেকে আল পাচিনো, লিওনার্দো ডি’ ক্যাপ্রিও ও রবার্ট ডি নিরো

ফোনে লিও বলছেন, ‘হ্যালো, আমি লিওনার্দো ডি’ ক্যাপ্রিও। কেমন আছেন? হার্ভে আর ইরমায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কত সহায়তা দিতে চান আপনি?’ ওপাশ থেকে জানানো অর্থের অঙ্কটা মনে হয় কম লাগল লিওর কাছে। তাই সহায়তার অঙ্ক বাড়াতে অনুরোধ করলেন তিনি। বললেন, ‘আরেকটু বাড়িয়ে দিলে জুলিয়া রবার্টসও কথা বলবেন আপনার সঙ্গে।’ পাশে বসা ‘প্রিটি ওম্যান’ জোরে বলে উঠলেন, ‘হ্যালো!’ এমন ভুবনমোহিনী ডাক শুনলে অর্থের অঙ্ক না বাড়িয়ে উপায় আছে?

অর্থ সংগ্রহের ফাঁকে লুপিতা নিয়োং’ও ও ড্যানিয়াল ক্রেইগ
অর্থ সংগ্রহের ফাঁকে লুপিতা নিয়োং’ও ও ড্যানিয়াল ক্রেইগ

শুধু চাকচিক্যে ভরা জীবনযাপন, দিনভর পার্টি আর আমোদ-ফুর্তির জন্যই যে তারকাজীবন নয়, এর প্রমাণ দিলেন মার্কিন চলচ্চিত্র ও সংগীতজগতের এক ঝাঁক তারকা। সম্প্রতি হার্ভে ও ইরমার আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিনদের সাহায্যে এগিয়ে এলেন তাঁরা। ভক্তদের সঙ্গে ফোনে কথা বলে ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের তহবিল গঠন করলেন। সেটা আবার সরাসরি দেখানো হলো যুক্তরাষ্ট্রের চারটি টিভি চ্যানেলে।

জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস
জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস

দেশটির চারটি শহর থেকে ‘হ্যান্ড ইন হ্যান্ড’ নামে এই দাতব্য টেলিথন অনুষ্ঠিত হয়। শিল্পীরা চার ভাগে ভাগ হয়ে লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, ন্যাশভিল ও স্যান অ্যান্টোনিও থেকে এই আয়োজনে অংশ নেন। টিভিতে দেখা যায়, বিভিন্ন অঙ্গনের মার্কিন তারকারা সারি বেঁধে বসে আছেন লস অ্যাঞ্জেলেসের একটি কাচঘেরা স্টুডিওতে, সামনে ফোন। একের পর এক ফোন আসছে আর তাঁরা কুশল বিনিময় করছেন। এরপরই জানতে চাইছেন, কী পরিমাণ অর্থ ক্ষতিগ্রস্ত মার্কিনদের দান করতে চান ফোনের ওপাশের ভক্তটি।

জাস্টিন বিবার
জাস্টিন বিবার

এদিকে কাচঘেরা স্টুডিওর বাইরেও তখন উৎসুক দর্শকদের ভিড়। স্টুডিওর ভেতরে বসে থাকা তারকাদের টিকিট কেটে দেখতে এসেছেন তাঁরা। টিকিটের অর্থও যাবে হার্ভে ও ইরমায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায়। দাতব্যকাজের জন্য এমন আয়োজনের নাম টেলিথন। ‘হ্যান্ড ইন হ্যান্ড’ টেলিথনে গান-বাজনাও ছিল। এই কর্মসূচির আওতায় ন্যাশভিল, নিউইয়র্ক ও স্যান অ্যান্টোনিওতে আয়োজন করা হয়েছিল কনসার্ট। সেখানে গান করেন স্টিভ ওয়ান্ডার, উশের, ব্লেক শেলটন, মিরান্ডা ল্যাম্বার্ট, লুইস ফনসি, ডেমি লোভাটো প্রমুখ।

‘দেসপাসিতো’র তারকা লুইস ফনসি গান পরিবেশন করেন ‘হ্যান্ড ইন হ্যান্ড’ কর্মসূচিতে
‘দেসপাসিতো’র তারকা লুইস ফনসি গান পরিবেশন করেন ‘হ্যান্ড ইন হ্যান্ড’ কর্মসূচিতে

ফোনে কথা বলে অর্থ সংগ্রহ করেছেন রবার্ট ডি নিরো, আল পাচিনো, জর্জ ক্লুনি, টম হ্যাঙ্কস, রিচার্ড গিয়ার, জুলিয়া রবার্টস, শের, জুলিয়ান মুর, অপরাহ উইনফ্রে, ব্রুস উইলিস, লিওনার্দো ডি’ ক্যাপ্রিও, নিকোল কিডম্যান, ম্যাথিউ ম্যাকনহে, জাস্টিন টিম্বারলেক, জেমি ফক্স, ড্যানিয়াল ক্রেইগ, জেরেমি রেনার, জাস্টিন বিবার, ডিজে খালেদ, লুপিতা নিয়োং’ও, জারেড লেটোসহ প্রবীণ-নবীন অনেক তারকা।