একেকটি গান উপন্যাসের মতো ব্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নজরুলজয়ন্তী উপলক্ষে আজ দেশ টিভিতে গাইবেন দুই প্রজন্মের শিল্পী খায়রুল আনাম শাকিল ও প্রিয়াঙ্কা গোপ। নজরুলের গান ও নিজের নজরুলচর্চা নিয়ে কথা বললেন তরুণ নজরুলসংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ।
প্রিয়াঙ্কা গোপ
প্রিয়াঙ্কা গোপ

নজরুলজয়ন্তীতে ব্যস্ততা বাড়ছে আপনার?
খানিকটা বাড়ছে। একের পর এক অনুষ্ঠানে যোগ দিতে হচ্ছে। কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীতে বেশি বেশি অনুষ্ঠান না রেখে সারা বছর অনুষ্ঠান রাখা উচিত।
শৈশবে কার কার গান আপনাকে প্রাণিত করেছে?
খায়রুল আনাম শাকিলের ক্যাসেট শুনেই বেশির ভাগ গান তুলেছি। এ ছাড়া নীলুফার ইয়াসমীন, শাহীন সামাদ, ইয়াসমিন মুশতারী, ফেরদৌস আরা, শারমিন সাথী ইসলামের গান শুনেই বড় হয়েছি। তাঁদের গানই আমাকে বেশি প্রাণিত করে। গায়কি বোঝার সুবিধার্থে নারীদের গানই বেশি শুনি।
বড়দের অনেকে আপনার প্রশংসা করেছেন? নিজের সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
নিজেকে মূল্যায়ন করব না। চেষ্টা করি শুদ্ধতা বজায় রেখে গান করার। শাস্ত্রীয় সংগীতের পরই আমার মনোযোগের জায়গা নজরুলসংগীত। বড়রা সব সময় আমাকে সাহায্য করেন, ছোট ছোট টিপস দেন।
শাস্ত্রীয় সংগীত শিখে নজরুলের গান কেন?
কাজী নজরুল ইসলামের বেশির ভাগ গানেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাগের ছোঁয়া আছে। ফলে তাঁর গান করে রাগভিত্তিক গানের চর্চা করাটা সহজ হয়।
গান ছাড়া কবিকে পাঠের সুযোগ মিলেছে কতটা?
কবিতা ও গান ছাড়া তাঁকে পাঠের অভিজ্ঞতা অল্প। কয়েকটি গল্প পড়েছিলাম। তাঁর একেকটি গান একেকটি উপন্যাসের মতো ব্যাপকতা ধারণ করে। এত দুঃখ-কষ্টের ভেতরেও একজন মানুষ প্রতিটি গানের ভেতরে এত গভীরতাবোধ ধরে রেখেছেন, সেটা বিস্ময়কর।
সাক্ষাৎকার: রাসেল মাহ্‌মুদ