যুদ্ধের দিনগুলোয় মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা আর সাহস জোগাত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো। বিজয়ের ৪৫ বছর পরও সেই গান প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে আসছে। এই প্রজন্মের শিল্পীরাও সেই গানগুলোয় খুঁজে পান সাহস। তাই বিজয় দিবসের ঠিক আগে সেই গানগুলো নিয়ে কথা বললেন এ প্রজন্মের কয়েকজন শিল্পী। সেই সঙ্গে কথা বললেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এক সুরযোদ্ধাও

অনেক তরুণ শিল্পীকে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান তুলে দিয়েছি
সুজেয় শ্যাম
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো মঞ্চে গাওয়া হলে এখনো মানুষ মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করে। অনেকে এ–ও বলে, এই ধরনের গান আর কেন তৈরি করি না? আমি তাঁদের বলতে চাই, এই ধরনের গান প্রেক্ষাপটের কারণে তৈরি হয়েছে। অনেকে নানা কারণে তরুণ প্রজন্মকে দোষারোপ করে থাকেন। আমি কখনোই তরুণ প্রজন্মের শিল্পীদের দোষ দিতে চাই না। তরুণেরা এখনো ঠিকমতো দেশের সত্যিকারের ইতিহাস সঠিকভাবে জানে না। অনেক তরুণ শিল্পীকে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো তুলে দিয়েছি। আপেল মাহমুদ, আব্দুল জব্বার, অজিত রায় ও সমর দাশের গানগুলো নতুন প্রজন্মকে শিখিয়েছি। তাদের যখন এসব গানের প্রেক্ষাপট বলে বলে গানগুলো তুলে দিয়েছি, তখন তারা এ–ও বলে, ‘ইশ্, আমরা যদি ওই সময়টায় থাকতে পারতাম!’ আমি তো মনে করি এ প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে পথ দেখাতে পারি, তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

গানের বাণীগুলো আমাকে উদ্দীপ্ত করে
ন্যান্সি
গান বলতে ছোটবেলা থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানই শুনেছি। টুকটাক গাওয়াও হতো। এসব গান বেশির ভাগ সময় কোরাসে গেয়েছি। আমি ক্লাস টেন পর্যন্ত নাচ করতাম। তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের সঙ্গে নাচতাম। একটা সময় নিজে যখন গান গাওয়া শুরু করি, তখন আমি বেশির ভাগ সময় নিজের গানই করেছি। তবে অনুষ্ঠানের ধরনভেদে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গাওয়া হতো। সেসব গানের বাণীগুলো আমাকে বেশ উদ্দীপ্ত করে। প্রাণের মধ্যে জাগরণের সঞ্চার করে।

এ সময়ের তরুণদের মধ্যেও প্রাণশক্তির সঞ্চার করে
মিনার
দেশের গানের ব্যাপারটা বরাবরই অন্য রকম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এসব গান শুনলে ভীষণভাবে উদ্দীপ্ত হই। যুদ্ধের কথা, প্রতিবাদের কথা, অধিকার আদায়ের কথা—অনেক কিছু এসব গানে ছিল। সেসব গানের কথা আমাদের মতো এ সময়ের তরুণদের মধ্যেও প্রাণশক্তির সঞ্চার করে। আমি প্রায়ই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো শুনি। তবে দুর্ভাগ্য, কোনো অনুষ্ঠানে আমার সেভাবে এসব গান গাওয়া হয়নি।

মায়ের কাছ থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনতাম
নাউমি
আমার আজকের এই সংগীতজীবনের যাত্রাটাই হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো শুনে। এসব গান আমাকে সংগীতশিল্পী হতে প্রভাবিত করেছে। এগুলোর মধ্যে অনেক গানই ছোটবেলায় স্কুলের অনুষ্ঠানে গাইতাম। স্কুলজীবনে প্রথম গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি গেয়েছিলাম। ছোটবেলায় বাসায় আমার জন্য গানের শিক্ষক রাখা হয়েছিল। কিন্তু আমি তাঁর কাছে গান শিখতে চাইতাম না। মায়ের কাছ থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো শুনতাম। খুব ভালো লাগত আমার। স্কুলের অনুষ্ঠানে সেই গানগুলোই গাইতাম।