এটা আমার জন্মদিনের সেরা উপহার: বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

এককথায় বলা যেতে পারে, অসাধারণ অথবা অভাবনীয়! সরাসরি গানের অনুষ্ঠানে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী। গতকাল লাখো দর্শক-শ্রোতার সামনে সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ফোন প্রসঙ্গে বন্যা প্রথম আলোকে বলেন, ‘এটা আমার জন্মদিনের সেরা উপহারের একটি হয়ে থাকবে। এ এক অভাবনীয় চমক।’
গতকাল সকালে চ্যানেল আইয়ের নিয়মিত গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ চলছিল। সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে সাজানো হয়েছিল অনুষ্ঠানের এই পর্বটি। সেখানেই গানের এক ফাঁকে হঠাৎ ফোন আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফোন পেয়ে অভিভূত হয়ে পড়েন বন্যাসহ অনুষ্ঠানের সবাই। টেলিফোনে প্রধানমন্ত্রী বলেন, ‘বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্যা। তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকুক, সেটাই আমি চাই। যুগ যুগ ধরে তুমি, তোমার এই সুরেলা কণ্ঠ বাংলাদেশের মানুষের হৃদয়কে আরও জাগ্রত করুক। আরও সুন্দরভাবে তুমি গান গেয়ে যাও। দীর্ঘজীবী হও। আমার দোয়া সব সময় তোমার জন্য থাকবে।’
জবাবে বন্যা প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপা, রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ে গেল—“হঠাৎ আলোর ঝলকানিতে ঝলমল করে চিত্ত”। আজকের সকালে হঠাৎ আলোর ঝলকানির মতোই আপনার ফোন আমার জন্য সেরা উপহার। আপনি যে ফোন করে দোয়া করলেন, এটাই আমার বড় পাওয়া।’
প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানানোর পর ফোন বাড়িয়ে দেন শেখ রেহানাকে। অনুষ্ঠানেই বন্যা জানান, তিনি ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা পড়তেন একই স্কুলে। শেখ রেহানা টেলিফোনে বন্যাকে বলেন, ‘শুভ জন্মদিন বন্যা আপা। আপনার জন্য আমরা গর্বিত। আপনার জীবনটা খুব সুন্দর হোক।’
শেখ রেহানাকে বন্যা বলেন, ‘আজকে তোমাদের ফোন আমার জন্মদিনের জন্য অন্য রকম উপহার হয়ে থাকল।’
অনুষ্ঠান শেষে প্রথম আলোকে বন্যা বলেন, ‘আমরা খুবই সৌভাগ্যবান যে এমন একজন সংস্কৃতিমনা ব্যক্তিত্ব আমাদের দেশনেত্রী। শিল্প-সংস্কৃতির প্রতি তাঁর এমন আকর্ষণ বরাবরই আমাদের উৎসাহিত করে। এই শুভেচ্ছাবার্তা আমার সেই উৎসাহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।’
প্রধানমন্ত্রী ও শেখ রেহানা ছাড়াও এ অনুষ্ঠানে বন্যাকে যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সাহিত্যিক সৈয়দ শামসুল হক, কবি আসাদ চৌধুরী ও শিল্পী হাশেম খান।
এদিকে তাঁর জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যা অংশ নেন রাজধানীর লালমাটিয়ায় আয়োজিত পৌষ উৎসবে। সেখানে ছিল গানসহ নানা আয়োজন। বন্যা জানান, এবারের পৌষ উৎসব সফল হলে প্রতিবছরই এ আয়োজনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে তাঁর।