
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া। নতুন বছরের শুরুতেই দিলেন নতুন খবর। জানালেন, তাঁর একক গানের অ্যালবাম তৈরি হয়ে আছে। সবকিছু নিয়ে গতকাল সন্ধ্যায় কথা হলো তাঁর সঙ্গে।
নতুন বছরের শুরুটা কেমন হলো?
গত বছরের শেষ দিনে আমরা কক্সবাজার সমুদ্রসৈকতে গান করেছি। সমুদ্রের সামনে গেলে এমনিতেই পরিশুদ্ধ হয়ে যাই। আর সঙ্গে যদি শ্রোতারা থাকেন, তাহলে তো কথাই নেই। তাঁদের কারণেই আমরা বেঁচে আছি। যেদিন শ্রোতারা গান শুনবেন না, সেদিন হয়তো আর বাঁচতে পারব না। শ্রোতারাই বেঁচে থাকার অনুপ্রেরণা।
বহুদিন ধরে নতুন কোনো গান শ্রোতারা পাচ্ছেন না। সামনে কি নতুন খবর পাচ্ছেন তাঁরা?
এখন স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত। একটা অ্যালবাম তৈরি হয়ে আছে। এটা হবে আমার প্রথম একক গানের অ্যালবাম। আমি আর ‘পরী’ গান–খ্যাত শেখ রানা মিলে এর কাজ করেছি। বিষয়ভিত্তিক ছয়টা গান নিয়ে এই অ্যালবাম তৈরি হয়েছে। মুখোশ নামের এই অ্যালবামের কয়েকটা বিষয় ‘মুখোশ’, ‘জীবন-মৃত্যু’, ‘শহর’ ও ‘নদী’।
বিষয়ভিত্তিক গানের অ্যালবাম করার ভাবনা সম্পর্কে জানতে চাই।
আমরা সাধারণত যেভাবে কাজ করি, সেখানে সব সময় পেশাদারি, বাণিজ্যিক ভাবনা, যুগের চাহিদা প্রাধান্য পায়। এই অ্যালবামের কাজ করার সময় ওসব কিছুই চিন্তা করিনি। আমাদের যা মনে এসেছে, তা-ই করেছি। এসব গানের বাজার কাটতি হবে কি না বা মানুষ গানগুলো শুনবেন কি না, এসব নিয়ে মাথা ঘামাইনি। আমাদের মতো কিছু গান করছি। অন্য রকম একটা কাজ, এটা নিশ্চিত করে বলতে পারি। কিছুদিনের মধ্যে মুখোশ প্রকাশ পাবে।
কিছুদিন আগে ‘টি এক্সপো’ নিয়ে একটি থিম সং করেছেন...
এই গানে দুই প্রজন্মকে এক করা হয়েছে। গানটা তৈরি করতে হয়েছে খুব অল্প সময়ে। তাড়াহুড়োর মধ্যে যাঁরা সময় দিতে পেরেছেন, তাঁদের নিয়েই কাজটা করেছি। আমি ছাড়া এই গানে নুমা আপা (ফাহমিদা নবী), বাপ্পা মজুমদার, আর্টসেলের লিংকন, কনা, এলিটা, সালমা, পারভেজ ও শুভ গেয়েছেন। তাঁরা প্রত্যেকেই একেক ধরনের গান করেন। এখানে সবাইকে অন্য রকমভাবে উপস্থাপন করার ভাবনা থেকে যুক্ত করা।
শ্রোতারা সোলসের নতুন অ্যালবাম কবে পাবেন?
সোলসের নতুন অ্যালবামে একটা গানে কণ্ঠ দেওয়া বাকি। ছয়টা গান দিয়ে অ্যালবাম প্রকাশ করব, পাঁচটা পুরোপুরি তৈরি। মুখোশ–এর পর সোলসের অ্যালবাম ছেড়ে দেব।
সাক্ষাৎকার: মনজুর কাদের