এটি একটি দারুণ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সভ্যতা l ছবি: প্রথম আলো
সভ্যতা l ছবি: প্রথম আলো
এই সময়ের শ্রোতাদের কাছে সভ্যতা এবং তাঁর গান খুব পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে স্নাতকোত্তর করছেন। আজ শনিবার সন্ধ্যায় তিনি গান করবেন কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) মিলনায়তনে। সেখানে এক নির্ঝরের গান অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করেছে গানশালা কলকাতা ও সারেগামা। কলকাতায় যাওয়ার আগে গত বুধবার রাতে কথা হলো সভ্যতার সঙ্গে।

আপনার সঙ্গে কলকাতায় আর কোনো শিল্পী যাচ্ছেন?
হ্যাঁ। আরও যাচ্ছেন সংগীতশিল্পী লিমন ও মুন। শনিবার (আজ) সন্ধ্যায় আইসিসিআর মিলনায়তনে এক নির্ঝরের গান অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানে আমরা গান করব। আমাদের সঙ্গে কলকাতার এ সময়ের কয়েকজন শিল্পীও থাকবেন। তাঁদের মধ্যে আছেন কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা আর সৌম্যদত্তা। থাকবেন অনিন্দিতা কাজী। শুনেছি, হৈমন্তী শুক্লা ও ঢাকার কয়েকজন অতিথিও থাকবেন।
কয়টি গান করার জন্য প্রস্তুতি নিয়েছেন?
এক নির্ঝরের গান অ্যালবামে আমি ছয়টি গান গেয়েছি। এর মধ্য থেকে তিনটি গান করব: ‘মনে মনে অনুমানে’, ‘আমি’ ও ‘হায় হায় চাঁদমামা’।
‘এক নির্ঝরের গান’ অ্যালবামে ১০১টি গান রয়েছে। আপনার কাছে গানগুলো কেমন লেগেছে?
কথাগুলো চমৎকার। এটি একটি দারুণ উদ্যোগ। এর সঙ্গে আমিও আছি, ভাবতেই ভালো লাগছে। আরেকটি কথা, কলকাতা থেকে যে অ্যালবামটি বেরোচ্ছে, তাতে থাকছে ৩২টি গান।
কলকাতায় এবার আর কিছু করবেন?
রোববার (আগামীকাল) বেলা ১১টায় কলকাতায় একটি ক্যাফেতে ‘আবার বৈঠক’ নামে আরেকটি আয়োজন হবে। গানশালা কলকাতার এই আয়োজনে গান করব আমি, লিমন আর মুন। এখানে সূত্রধর থাকবেন এনামুল করিম নির্ঝর।
এবার আপনার কাজের খবর বলুন।
নিজের অ্যালবামের কাজ করছি। আমি যেমন গান করি, গানগুলো তেমনই হচ্ছে। একবারে আমার মতো। নতুন কিছু। গানগুলোর কথা আর সুর আমারই।
অ্যালবামটি শ্রোতারা কবে পাচ্ছেন?
এখনই বলতে পারছি না। টাকা জমিয়ে একটু একটু করে এগোচ্ছি। একেকটি গান তৈরি হওয়ার পর তার মিউজিক ভিডিও তৈরি করব। এরপর তা ইউটিউবে দেব। এভাবে সাতটি গান হবে। তারপর তা অ্যালবাম আকারে বের করার ইচ্ছা আছে। এরই মধ্যে ‘ত্রিরত্ন’ নামে একটি গান ইউটিউবে দিয়েছি।
সাক্ষাৎকার: মেহেদী মাসুদ