এটিএন বাংলার বর্ষপূর্তিতে 'উনিশের গল্প'

১৫ জুলাই ১৮ পেরিয়ে ১৯ বছরে পা দিতে যাচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। বিশেষ এই দিনটি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেছে চ্যানেলটি। নাম ‘উনিশের গল্প’। এস আই টুটুলের উপস্থাপনায় এই অনুষ্ঠানে যাঁরা থাকছেন, তাঁরা সবাই সংগীতশিল্পী। তাঁরা হলেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী।
চ্যানেলটির সঙ্গে এই শিল্পীদের প্রথম সম্পৃক্ততার গল্প, কুইজ আর মজাদার আড্ডার ফাঁকে ফাঁকে থাকবে চারজনেরই কণ্ঠে দ্বৈত ও একক সংগীত পরিবেশনা।
শোনা যাবে ফাহমিদা ও বাপ্পার দ্বৈত কণ্ঠে ‘ইচ্ছেরই বাতাসে’, টুটুল ও মুন্নীর দ্বৈত কণ্ঠে ‘এক কাপ চা’, ফাহমিদা ও টুটুলের দ্বৈত কণ্ঠে ‘যায় কি ছেঁড়া বুকের পাঁজর’, বাপ্পা ও মুন্নীর দ্বৈত কণ্ঠে ‘চন্দ্র থাকে ওই আকাশের কোন দূরে’ গানগুলো। আর এককভাবে শোনা যাবে ফাহমিদার ‘আমার কিছু প্রশ্ন’, বাপ্পার ‘কোন তরী বাও’, টুটুলের ‘অণু পরমাণু’ আর মুন্নীর কণ্ঠে ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’ গানগুলো। ‘উনিশের গল্প’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লার্না রহমান। প্রচারিত হবে ১৫ জুলাই রাত ৮টায়।