এত গুণমুগ্ধ শ্রোতা কোথায় মেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্দা রিহাবের নেতৃত্বে নৃত্য পরিবেশন করছে তাঁর দল l ছবি: সা​ইফুল ইসলাম
ওয়ার্দা রিহাবের নেতৃত্বে নৃত্য পরিবেশন করছে তাঁর দল l ছবি: সা​ইফুল ইসলাম

শাস্ত্রীয় সংগীত শুনতে আজ সন্ধ্যায় যাঁরা আর্মি স্টেডিয়ামে যাবেন, তাঁদের নিশ্চয়ই মনে পড়ে যাবে শিল্পী কাইয়ুম চৌধুরীকে। গত বছরের এই দিনে তিনিও ছিলেন এ উৎসবে। আর এই দিনেই চলে গেছেন এই উৎসব, সংগীত, ছবি আর স্নেহধন্য মানুষদের ছেড়ে। সমস্ত জাতির হৃদয়ে রেখে গেছেন একটা ঔৎসুক্য। কী যেন একটা বলার ছিল তাঁর।
‘আমার আর একটি কথা আছে’ বলে শেষ পর্যন্ত সে কথা না বলেই চলে গিয়েছিলেন। উৎসবের আজকের রাতটি তাই শ্রোতা ও আয়োজকদের একটু বিষণ্ন করবে।
মাঠভর্তি নিশাচর শ্রোতা নিয়ে পার হলো উৎসবের তৃতীয় রাত। এভাবে রাত জেগে শুদ্ধ সংগীত শুনতে আসা শ্রোতাকে পরিশুদ্ধ শ্রোতা বললে কি ভুল হবে? মূল মঞ্চের সামনে ও একটু পেছনে, স্টেডিয়ামের ঘাস ও গ্যালারিতে এবং খাবারের জায়গাজুড়ে অবস্থানরত শ্রোতাদের আলাদাভাবে বিন্যাস করা যায়। খাওয়া, আড্ডা, সেলফি তোলা উপলক্ষ হলেও লক্ষ্য একটাই—শুদ্ধ সংগীতের মাদকতায় অবগাহন। পৃথিবীর কোথায় মিলবে এমন গুণমুগ্ধ শ্রোতা? এ জন্যই তো এই ময়দানে বাজাতে ভালোবাসেন শাস্ত্রীয় সংগীতের পণ্ডিতেরা।
গতকাল রোববার সন্ধ্যায় ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫’-এর তৃতীয় রাতের প্রথম পরিবেশনা ছিল মনিপুরি নাচ। বাংলাদেশের নাচের শিল্পী ওয়ার্দা রিহাব তাঁর দল নিয়ে বর্ণিল একগুচ্ছ নাচ উপহার দেন। মনিপুরি এই নাচের নাম দিয়েছেন তাঁরা ‘লেইচন’, ‘কথক চাবা’, ‘বসন্ত’, ‘গোষ্ঠ ক্রীবা’, ‘জয় জয় দেবা’। এর কোরিওগ্রাফি করেছেন ওয়ার্দা রিহাবের গুরু বিম্বাবতী দেবী। চারটি ভাগে এই নাচে তুলে ধরা হয় রথযাত্রা ও বসন্ত উৎসবসহ মনিপুরের সব উৎসব। নাচের সাজপোশাকগুলো বিশেষভাবে তৈরি করে আনা হয়েছে ভারতের মনিপুর রাজ্য থেকে।
দেশের শিল্পীদের এই পরিবেশনায় শুরুটাই সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে।
তাঁদের পরেই সরোদে রাগ কিরওয়ানী বাজিয়ে শোনান বাংলাদেশের ইউসুফ খান। এরপর ধ্রুপদ গেয়েছেন ওস্তাদ ওয়াসিফউদ্দিন ডাগর।
মাঝ রাতে বেহালা নিয়ে মঞ্চে আসেন এক শিল্পী পরিবার। চারটি বেহালায় তিন প্রজন্মের মধ্যমনি হয়ে থাকেন ড. এন রাজম। সঙ্গে তাঁর কন্যা সঙ্গীতা শংকর ও দুই নাতনি রাগিনী শংকর ও নন্দিনী শংকর। বাজিয়ে শোনান রাগেশ্বরী, বানারসী ঠুমরী। চার শিল্পী বাজিয়ে শোনান কবি কাজী নজরুল ইসলামের ‘ব্রজগোপী খেলে হোলি’ গানটি। তাঁদের সঙ্গে তবলায় ছিলেন মুকুন্দরাজ দেও। রাতে খেয়াল পরিবেশন করেন বিদুষী শ্রুতি সাদেলিকর, মৃদঙ্গ বাজান গুরু কড়াইকুডি মানি। শেষ রাতে খেয়াল গেয়ে শোনান বিদুষী শুভা মুডগাল।
শনিবার মাঝরাতের পর: শনিবার মাঝরাতের দিকে মঞ্চে এসেছিলেন পণ্ডিত সুরেশ তালওয়ালকার। তিনি ঝাঁপতালে ওস্তাদ আল্লারাখা খানের একটি কম্পোজিশন বাজাতে শুরু করলেই চঞ্চল হয়ে উঠেছিলেন দর্শকেরা। এরপর একে একে এই পণ্ডিত বাজিয়ে শুনিয়েছেন চক্রদার তেহাই, লয়, তাল, মূর্ছনা। মঞ্চে তাঁর ডান পাশে তবলায় ছিলেন কন্যা সাওয়ানি তালওয়ালকার। তাঁদের প্রতি তেহাইতেই করতালিতে মুগ্ধতা জানান দিতে থাকেন শ্রোতারা। পিতা-কন্যার সঙ্গে পাখওয়াজে ছিলেন ওঙ্কার দেলভি, কণ্ঠসংগীতে ভিনায় রামাদাসান এবং হারমোনিয়ামে অজয় যোগলেকার।
এরপর মঞ্চে আসেন পণ্ডিত রণু মজুমদার। বাঁশিতে ঠোঁট ছোঁয়ানোর আগে এই দেশের প্রতি ভালোবাসার কথা জানান তিনি। তাঁর বাবার বাড়ি ছিল এ দেশেই। প্রথমে বাঁশিতে রাগ বাগেশ্রী আলাপ বন্দিশ শোনান তিনি। পরে পরম ভক্তি নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানান কিংবদন্তি কর্ণাটকি শিল্পী ড. বালমুরালী কৃষ্ণকে। নট রাগে স্বরচিত বন্দিশ পরিবেশন করেন বালমুরালী কৃষ্ণ। পরে তিনি রণুর সঙ্গে যুগলবন্দীতে অংশ নেন রাগ আভোগী কানাড়া ও কদনকুতুহলম রাগের তিল্লানায়। এ সময় তবলায় সংগত করেন পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি, কণ্ঠসংগীতে সহযোগিতা করেন ড. কে. কৃষ্ণকুমার, বেহালায় বিভি রাগাভেন্দ্র রাও, মৃদঙ্গমে এম এন সুব্রমানিয়াম এবং তানপুরায় উৎপল রায়। এই রাতে এসরাজে রাগ মালকোশ এবং রাগ খাম্বাজ বাজিয়ে শোনান শুভায়ু সেন মজুমদার। সেই রাতের শেষ পরিবেশনা নিয়ে আসেন পণ্ডিত অজয় চক্রবর্তী। রাগ বৈরাগী ও মিশ্র যোগিয়া রাগে ‘যামিনী হলো যে ভোর’ গানটি শোনান নন্দিত এই শিল্পী। তাঁকে তবলায় সহযোগিতা করেন সত্যজিৎ তালওয়ালকার, হারমোনিয়ামে অজয় যোগলেকার এবং কণ্ঠসংগীতে সহযোগিতা করেন অনল চ্যাটার্জি।
আজ চতুর্থ রাতে থাকবে গুরু রাজা ও রাধা রেড্ডির কুচিপুডি নৃত্য, গণেশ ও কুমারেশ রাজাগোপালনের কর্ণাটকি বেহালা, পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সরোদ, পণ্ডিত উল্লাস কশলকরের কণ্ঠে খেয়াল। অনেক শ্রোতা হয়তো আগে একটু ঘুমিয়ে নিয়ে স্টেডিয়ামে আসবেন রাত সাড়ে বারোটার পর। কারণ শেষ রাতে তবলা শোনাবেন খ্যাতিমান ওস্তাদ জাকির হোসেন।