এবার অডিও সিডিতে 'এক নির্ঝরের গান'
১০১টি মৌলিক গানের সংকলন এক নির্ঝরের গান এখন পাওয়া যাচ্ছে অডিও সিডিতে। গানশালা নিবেদিত অ্যালবামটি অনলাইনে প্রকাশিত হয় গত জুন মাসে। আজ শুক্রবার থেকে এটি অডিও সিডি আকারে পাওয়া যাবে প্রথমা ও রকমারি ডটকমে।
৪০ জন শিল্পীর গাওয়া ১০১টি গানের সংকলন এই এক নির্ঝরের গান ০০১: ২০১৫। এতে গান করেছেন এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, নকিব খান, শাফিন আহমেদ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, অর্ণব, শম্পা রেজা, চন্দনা মজুমদার, মিলন মাহমুদ, কনা, মাহাদী, পান্থ কানাই, গৌরব, মুন, লিমন, কোনালসহ আরও অনেকে। স্থপতি এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা এই গানগুলোর সংগীতায়োজন করেছেন ১৩ জন।
এক নির্ঝরের গান ০০১: ২০১৫ জিপি মিউজিক, গানশালার ওয়েবসাইট, অ্যামাজন, আইটিউনসসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই গানগুলো। এবার সংগ্রাহকদের জন্য এই ১০১টি গানের ১২টি সিডির সংকলন পাওয়া যাবে শাহবাগ আজিজ সুপার মার্কেটের প্রথমা বইয়ের দুনিয়া ও কারওয়ান বাজার শাখায়।