একই আংটিতে দ্বিতীয় বাগদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলি সাইরাস ও লিয়াম হেমসওয়ার্থ
মাইলি সাইরাস ও লিয়াম হেমসওয়ার্থ

গুঞ্জনের আনুষ্ঠানিকতা ফুরাল। পুরোনো প্রেমিকের সঙ্গেই দ্বিতীয়বারের মতো বাগদানের কাজটি সারলেন কণ্ঠশিল্পী মাইলি সাইরাস। লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে আরেকবার আংটি বদল করেছেন এই সংগীত তারকা। অবশ্য ২০১৩ সালে লিয়ামের দেওয়া যে আংটিটি খুলে রেখেছিলেন, সেই পুরোনো আংটিই নতুন করে আঙুলে পরেছেন মাত্র। পাত্র পুরোনো, আংটিখানাও তা-ই। ২০১২ সালে ঠিক এই আংটিটিই লিয়াম হেমসওয়ার্থ মাইলিকে দিয়েছিলেন। বিচ্ছেদের দুই বছর পর দুজনেই বুঝে দেখলেন যে আর আলাদা থাকা যাচ্ছে না। কাজেই সেই একই আংটিতেই দ্বিতীয় বাগদান!
বেশ কয়েকটি সূত্র খবরটি নিশ্চিত করে জানিয়েছে, নতুন করে আবারও ঘর বাঁধতে চাইছেন দুজন। দুজনের সঙ্গেই কথা বলে নিশ্চিত করে জানিয়েছে সংবাদমাধ্যম ডিজিটাল স্পাই।

২০১২ সালে একবার বাগদান করে ঠিক তার পরের বছরেই ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। এরপর হঠাৎ আবারও দুজনকে একসঙ্গে দেখা যায় অস্ট্রেলিয়ার এক সংগীত উৎসবে। এর আগেই অবশ্য সেই ২০১২ সালের আংটি বদলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এই তারকা শিল্পী। বিষয়গুলো লোকের নজরে আসার আগেই তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেছিলেন।
সাইরাস ও লিয়ামের প্রেমের শুরু সেই ২০০৯ সালের শুরুতে। এবার দ্বিতীয়বারের মতো সম্পর্ক গড়লেন তাঁরা। এ দুজনের বাগদানের খবর শুনে লিয়ামের ভাই ক্রিস হেমসওয়ার্থ মজা করে বলেছেন, ‘আমি তো সবার পরে জানলাম! পত্রিকা পড়েই তো জানলাম।’ ডিজিটাল স্পাই ডটকম।