এবার অ্যাডেলের অস্ট্রেলিয়া 'জয়'

ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেলে তাঁর নতুন অ্যালবাম ‘টুয়েন্টি ফাইভ’ নিয়ে একের পর এক বিশ্বের বাঘা বাঘা টপ চার্টের শীর্ষস্থান দখল করে নিচ্ছেন। অ্যাডেলের এই অর্জনের তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছে অস্ট্রেলীয় টপ চার্টের শীর্ষস্থান দখলের বিষয়টি। একক গান এবং অ্যালবাম, এ দুই তালিকারই শীর্ষে অ্যাডেলে।
অ্যাডেলের অ্যালবাম ‘২৫’ আছে ‘আরিয়া অ্যালবাম চার্ট’-এর শীর্ষে। শুধু তাই নয়, চার্ট প্রতিষ্ঠানটির ভাষায় ‘ট্রিপল প্লাটিনাম সেল’। কোনো অ্যালবাম প্রকাশের প্রথম সপ্তাহে যদি ৭০ হাজার কপি বিক্রি হয়, তবে তাকে বলে ‘প্লাটিনাম সেল’। এই হিসেবে অ্যাডেলের ‘২৫’ অ্যালবামটি বিক্রি হয়েছে কমপক্ষে দুই লাখ দশ হাজার কপি।
সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা প্রতিষ্ঠানটির নীতিবিরুদ্ধ বলে বিষয়টি জানা সম্ভব হয়নি। এর আগে ট্রিপল প্লাটিনাম সেলের রেকর্ড আছে মাত্র দুজনের ঝুলিতে। তাও আবার এর জন্য ফিরে তাকাতে হবে ১১ বছর আগে। এমনকি প্রথম সপ্তাহে শুধু ৭০ হাজার কপি বিক্রির নজিরও ২০০৯ সালের পর আর দেখা যায়নি।
এদিকে, আরিয়ার একক গানের তালিকাতেও শীর্ষ ছুঁয়েছে অ্যাডেলের ‘হ্যালো’। তাও আবার গত পাঁচ সপ্তাহ টানা! অস্ট্রেলীয় দুটি তালিকার শীর্ষে থাকার নজির অবশ্য এর আগেও দেখিয়েছেন অ্যাডেলে। ২০১১ সালে প্রকাশিত তাঁর ‘টুয়েন্টি ওয়ান’ অ্যালবামের গান ‘সামওয়ান লাইক ইউ’ টানা সাত সপ্তাহ শীর্ষে ছিল।
এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তালিকাগুলোতে শীর্ষস্থানে ইতিমধ্যেই আসীন এই গায়িকা। সব মিলিয়ে বাতাসটা যে তাঁর অনুকূলেই বইছে তা আর বাড়িয়ে বলা কেনো! বিলবোর্ড ম্যাগাজিন।