এবার কাজী শুভর 'সাদামাটা ৩'

‘সাদামাটা’ ও ‘সাদামাটা-২’ অ্যালবামে কাজী শুভর গাওয়া ‘সোনাবউ’, ‘তুমি বিনা আকুল পরান’, ‘যাহার লাগি’, ‘রসিক আমার’, ‘চুপিচুপি’ গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদ সামনে রেখে কাজী শুভ প্রকাশ করতে যাচ্ছেন তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘সাদামাটা-৩’।
চলতি সপ্তাহেই অ্যালবামটি বাজারে আসবে। কাজী শুভ জানান, অ্যালবামটিতে মোট নয়টি গান রয়েছে। এর মধ্যে পাঁচটি দ্বৈত। এসব গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্য শিল্পীরা।
অ্যালবাম প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘অ্যালবামটি ‘‘সাদামাটা’’ এবং ‘‘সাদামাটা-২’’ অ্যালবামের সিক্যুয়েল। আর তাই আমি চেষ্টা করেছি গানগুলোতে আগের ধারাবাহিকতা বজায় রাখতে। এবারও ফোক এবং মিষ্টি প্রেমের গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। গানের কথা, সুর ও সংগীতে বৈচিত্র্য আনা হয়েছে। আশা করছি, সব ধরনের শ্রোতা গানগুলো পছন্দ করবেন।’
‘সাদামাটা-৩’ অ্যালবামের গানগুলোর শিরোনাম ‘আমার বন্ধু’, ‘নয়নের আলো’, ‘অচেনা মায়া’, ‘তোমারও পিরিতে’, ‘আল্লাহ মালিক’, ‘সোনা জাদুধন’, ‘ভালোবাসি বলব’, ‘দিওয়ানা’ এবং ‘অবুঝ মায়া’।