এবার শুধু বন্ধুত্ব

পপ গায়িকা টেলর সুইফট সাবেক প্রেমিক কেলভিন হ্যারিসের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছিলেন খুব বাজেভাবে। এই সম্পর্ক ভাঙার কয়েক দিন পরেই আবার অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন তিনি। কিন্তু কয়েক মাস না যেতেই সুইফটের সেই সম্পর্কটিও ভেঙে গেছে। এবার এই ২৬ বছর বয়সী গায়িকা কেলভিনের সঙ্গে ফের বন্ধুত্ব করতে চাইছেন।
খবর শুনে অনেকেরই হয়তো চোখ কপালে উঠবে। এইভাবে বিচ্ছেদের পর এত জলদি তাঁরা আবার মিলিত হতে পারেন এটা তো ভাবনারও অতীত। অবশ্য টেলর-হ্যারিসের মধ্যে ইদানীং যে যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে তা একেবারেই আনুষ্ঠানিক। কোনো রকম প্রেমের আভাস নেই এতে। এমনকি সামনাসামনি দেখাও করছেন না দুজনে। শুধু খুদে বার্তার মাধ্যমেই আজকাল টুকটাক যোগাযোগ হচ্ছে।
দুজনেই গানের দুনিয়ার বাসিন্দা। কাজের ক্ষেত্রে তাঁদের কোথাও দেখা হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এমন পরিস্থিতিতে যেন বিব্রত হতে না হয়, তাই সুইফটই নিজে থেকে কেলভিনকে বন্ধুত্বের আহ্বান জানিয়েছেন।
এখন কথা হলো, বিচ্ছেদের পর কেলভিন যে সুইফটকে নিয়ে একটি ঘৃণার গান লিখেছিলেন, সেটার কী হবে? হলিউড লাইফ