এবার সিডিতে 'জিরো ডিগ্রি'র গান

আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ছবি জিরো ডিগ্রি। ছবি মুক্তির দিন কয়েক আগে সিডি আকারে বাজারে আসছে এর গানগুলো। ২৯ জানুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে রাজধানীর একটি রেস্তোরাঁয়।
জিরো ডিগ্রিতে গান গেয়েছেন জেমস, সামিনা চৌধুরী, ন্যান্সি, সন্ধি, পৃথ্বীরাজ, প্রবর রিপনসহ অনেকে। ছবিটির প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, ‘এই ছবির গানগুলো ডিজিটাল ফরম্যাটে মুক্তি পায় গত মাসে। শ্রোতারা বেশ ভালোভাবেই গানগুলো গ্রহণ করেছেন। আশা করি, সিডিটি মুক্তির পর গানগুলো আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।’ তিনি জানান, ‘প্রেম ও ঘৃণা’ শিরোনামে ৭ মিনিটের একটি গান করেছেন জেমস। যা ছবিতে দুবার ব্যবহার করা হয়েছে। অ্যালবামটি বাজারে আনছে জি-সিরিজ।
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির মাধ্যমে এর অডিও গানগুলো মুক্তি পায় গত ডিসেম্বরে। রবির গ্রাহকেরা ২৮৮৮ নম্বরে ফোন করে গানগুলো শুনতে পারেন। এ ছাড়া সিনেমাটির প্রচারের স্বার্থে নানা ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান মাহফুজ।