এবারের অস্কারেও রাহমানের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রাহমান
এ আর রাহমান

আগামী অস্কার আসরে সেরা গান ও সেরা ‘অরিজিনাল স্কোর’-এর মনোনয়ন দৌড়ের জন্য নির্বাচিত হলো এ আর রহমানের ‘পেলে: বার্থ অব এ লিজেন্ড’ ছবির গান। আজ বুধবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবারের অস্কারে ‘বেস্ট সং’ ও ‘বেস্ট অরিজিনাল স্কোর’ বিভাগের মনোনয়নে নির্বাচিত গান ও অরিজিনাল স্কোর-এর তালিকা প্রকাশ করে। তাতে উঠে আসে ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমানের নাম।

‘বেস্ট অরিজিনাল স্কোর’ বিভাগে এ বছর ১৪৫টি ছবির আবহসংগীত যোগ্য বলে বিবেচিত হয়েছে। তালিকায় রয়েছে গত বছর চূড়ান্ত মনোনয়নে থাকা সংগীত পরিচালক জন উইলিয়ামস ও থমাস নিউম্যানের নামও। তা ছাড়া এ বছর মুক্তি পাওয়া বেশ কিছু আলোচিত ছবির নামও এ তালিকায় স্থান করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ‘অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস’, ‘দ্য অ্যাংরি বার্ডস মুভি’, ‘দ্য বিএফজি’, ‘বেন-হার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘ডেডপুল’, ‘দ্য ড্রেসমেকার’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘ফাইন্ডিং ডোরি’, ‘লা লা ল্যান্ড’, ‘জুলিয়েতা’, ‘মোয়ানা’, ‘মানি মনস্টার’, ‘টুয়েন্টিথ সেঞ্চুরি উইম্যান’, ‘এক্স-মেন অ্যাপোকালাপ্সি’সহ আরও বেশ কিছু আলোচিত ছবি।

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের সঙ্গে এ আর রহমান
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের সঙ্গে এ আর রহমান

অন্যদিকে ‘সেরা গান’-এর দৌড়ে রয়েছে মোট ৯১টি গান। এর মধ্যেও রয়েছে রাহমানের ‘পেলে: দ্য বার্থ অব এ লিজেন্ড’ ছবির ‘গিংগা’ গানটি। এর আগে ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবির জন্য গান তৈরি করে দু-দুটো অস্কার জিতে নিয়েছিলেন রাহমান। এবারও মনোনয়ন তালিকায় আসার লড়াইয়ে একধাপ এগিয়ে রইলেন উপমহাদেশের কিংবদন্তি এই সংগীত ব্যক্তিত্ব। তবে এ বছরের প্রাথমিক এই মনোনয়ন তালিকা থেকে কিছু আলোচিত ছবির নাম বাদ পড়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে হলিউডে। যেমন ‘বেস্ট অরিজিনাল স্কোর’ ও ‘বেস্ট সং’ কোনো বিভাগেই ‘অ্যারাইভাল’ ছবির সুর ও সংগীত মনোনয়ন পায়নি। ছবির সংগীত পরিচালক ইয়োহান ইয়োহাসন গত বছরের ‘বেস্ট অরিজিনাল স্কোর’ বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকায় ছিলেন।

‘পেলে: বার্থ অব এ লিজেন্ড’ ছবির পোস্টার
‘পেলে: বার্থ অব এ লিজেন্ড’ ছবির পোস্টার

আজ একাডেমি কর্তৃপক্ষ ঘোষিত এই তালিকার ওপর ভিত্তি করেই চূড়ান্ত মনোনয়নের জন্য শুরু হবে ভোট গ্রহণ। একাডেমি সদস্যরা নির্বাচিত গান ও সুরগুলো শুনে ভোট করবেন। এর ভিত্তিতে আগামী ২৪ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। আর অস্কারের ৮৯তম আসরটি বসবে আগামী ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।