এবারের 'ক্ষুদে গানরাজ' অঙ্কন

চ্যানেল আই আয়োজিত ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের অঙ্কন।
গত শুক্রবার ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সেরা সাতের লড়াইয়ে প্রথম রানারআপ হয়েছে ঠাকুরগাঁওয়ের ঐক্য এবং দ্বিতীয় রানারআপ হয়েছে চট্টগ্রামের ঐশী।
‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার এটি ছিল ষষ্ঠ আসর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ এবং শরীফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম রজ্জব শরীফ।
প্রতিযোগিতার প্রধান দুই বিচারক ফেরদৌস আরা এবং এস আই টুটুলের পাশাপাশি গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী মিতালী মুখার্জি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।