এবিসিতে 'এক নির্ঝরের গান'

এক নির্ঝরের গান নামে ১০১টি সমকালীন গানের সংকলন বাজারে আসছে শিগগিরই। তবে এই গানগুলো মুক্তির আগেই শোনা যাবে এবিসি রেডিও এফএম ৮৯.২-এ। সমকালীন গানের প্রথম সংকলনের এক্সক্লুসিভ রেডিও পার্টনার হিসেবে এবিসি রেডিও যুক্ত হলো সম্প্রতি। এখন থেকে এক নির্ঝরের গান সংকলনের ১২ পর্বের ১০১টি গান শুধু এবিসি রেডিওতেই শুনতে পাবেন শ্রোতারা।
স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে মিউজিক লেবেল গানশালা থেকে প্রকাশিত এই সংকলনে মোট নয়জন সংগীতায়োজকের সঙ্গে কাজ করেছেন ৪২ জন সংগীতশিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, নকীব খান, শম্পা রেজা, চন্দনা মজুমদার, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, অর্ণব, কনা, মিলন মাহমুদ, গাউসুল আলম, নবনীতা চৌধুরী, কৌশিক তাপস, দিনাত জাহান মুন্নি, সোহিনী আলম, কোনাল, মাহাদি, শুভ, সভ্যতা প্রমুখ। ১০১টি গানের সংগীতায়োজনে ছিলেন ফোয়াদ নাসের বাবু, সজীব, রোকন ইমন, লাবিক কামাল, নির্ঝর চৌধুরী, লিমন, মুন, অর্ক ও শান।
আগামী ১২ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে এক নির্ঝরের গান-এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৩ জুন সারা দিন এনামুল করিম নির্ঝরসহ এই সংকলনের সঙ্গে যুক্ত শিল্পীরা সরাসরি গান ও এর পেছনের গল্প শোনাবেন এবিসি রেডিওতে।